নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে কৃষকদের দায়ী করলেন বাণিজ্য প্রতিমন্ত্রী!
বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে কৃষকরাও দায়ী বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, আপনারা জানেন, এখন কৃষকরাও অনেক স্মার্ট। দেশে ধানের উৎপাদন বাড়লে কৃষকরা ধান বিক্রি করে তেল কিনে, সবজি কিনে। সবজি আর তেল কেনার জন্য দেখা গেলো ধান বেশি করে বিক্রি করছেন। এতে করে চালের দাম বেড়ে যাচ্ছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, এবারের বাজেটে এমন কিছু রাখা হয়নি যাতে করে বাজার অস্থির হবে। আপনারা জানেন, আমাদের ভোক্তা অধিকার অধিদফতর রয়েছে। সেটির মাধ্যমে আমরা বাজার মনিটরিং করি। ঈদকে সামনে রেখে সেটি অব্যাহত রেখেছি। বাজেটে কর মওকুফ করায় নিত্যপণ্যের দাম কমবে। বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি দেশে বিভিন্ন ঋতুতে আবহাওয়া বিপর্যয় ঘটে। এতে করে আমরা যখন দেখতে পাই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তখন ট্যাক্স কমিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করবো। এবারের বাজেটে ১৭২টি পণ্যের ওপর শুল্ককর কমানো হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।