নতুন বছর হাজার হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার
দেশের উপজেলাসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসকের সংকট কাটাতে চলতি বছরেই ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিতে চায় সরকার। তিন ধাপে এই নিয়োগ হওয়ার কথা জানিয়েছে সরকার।
গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সভার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সভা সূত্র জানায়, দেশে চিকিৎসকের সংকট আছে। করোনার মধ্যে একবার ৩৯তম বিসিএস থেকে বিশেষভাবে পাঁচ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এরপর বিভিন্ন সাধারণ বিসিএসে চিকিৎসক নিয়োগ দিলেও সেটি ছিল সংখ্যায় কম। সর্বশেষ ৪৬তম বিসিএসে চিকিৎসক নেওয়ার কথা জানানো হয়েছে। এই বিসিএসের বিজ্ঞপ্তি অনুসারে প্রায় ১ হাজার ৭০০ চিকিৎসক নিয়োগের কথা রয়েছে।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় সাধারণ মানুষের যথাযথ চিকিৎসা নিশ্চিতে নতুন করে আরও ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর মহাখালীর নিপসম অডিটোরিয়ামে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসক-সংকটের কারণে উপজেলা হাসপাতালগুলোয় সাধারণ মানুষ যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না। সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোয় আট ঘণ্টা সেবা দেওয়া হচ্ছে। এখনো আমাদের ৫০ শতাংশ ডেলিভারি বাসায় হচ্ছে। এসব সংকট উত্তরণে নতুন করে শিগগিরই আরও ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘প্রাতিষ্ঠানিক ডেলিভারি অনেক কম। এটা বাড়াতে হবে। এখনো ঘরে ৫০ শতাংশ ডেলিভারি হয়। যেখানে কোনো প্রশিক্ষিত কেউ থাকে না। এ ক্ষেত্রে আমাদেরও কিছু করণীয় আছে। সরকারি স্বাস্থ্যকেন্দ্র ৮ ঘণ্টা সার্ভিসে কখনোই চলতে পারে না। ইনস্টিটিউশনাল ডেলিভারি বাড়াতে হলে স্বাস্থ্যকেন্দ্রের কর্মঘণ্টা ২৪ ঘণ্টা করতে হবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।