নতুন কারিকুলাম সংশোধন করার দাবি: ঢাকায় সমাবেশ করবেন অভিভাবকরা
নিজস্ব প্রতিবেদক:
নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পাঠ্যবই পড়ার প্রতি আগ্রহ কমেছে। সারা বছর শ্রেণিকক্ষের বাইরে হাতে কলমে শিক্ষা আর বছর শেষে সামষ্টিক মূল্যায়নেও পাঠ্য বইয়ের নেই তেমন কোনো গুরুত্ব। আগের নিয়মে পরীক্ষা না থাকায় অভিভাবকদের মধ্যেই ক্ষোভ আর নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের স্কুলব্যাগে এখন পাঠ্যবইয়ের তুলনায় নানা ধরনের উপকরণে থাকে ঠাসা। পড়াশোনায়ও তেমন আগ্রহ নেই।
নতুন কারিকুলাম নিয়ে তীব্র সমালোচনা করলেও বিষয়টি গুরুত্ব দিয়ে আমলে নেয়নি কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত বছর শেষে এসে রাজপথে নেমেও প্রতিবাদ করছেন অভিভাবকরা। তারা আগের পরীক্ষাপদ্ধতি ফিরিয়ে এসে নতুন কারিকুলাম সংশোধন করারও দাবি জানিয়েছেন। এরই মধ্যে দাবি দাওয়া নিয়ে জুমুয়াবার ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষা আন্দোলন সম্মিলিত অভিভাবক ফোরাম। কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।
বিক্ষুব্ধ অভিভাবকদের সাথে কথা বলে জানা গেছে তারা নতুন কারিকুলামে সন্তুষ্ট নন। কারণ কারিকুলামে শিখন কৌশলে শিক্ষার্থীরা আগের মতো শিখতে পারছে না। এখানে অনেক বিষয়ে ভালো করার সুযোগ থাকলেও সেই সাথে শিক্ষার্থীদের ফাঁকি দেয়ারও অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে গ্রুপভিত্তিক কাজে একজনের কাজ দিয়েই পুরো ক্লাসের কাজ চালিয়ে নেয়ার সুযোগ রয়েছে। ফলে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীরা নতুন এই কারিকুলামে কোনো কিছুই শিখতে বা বুঝতে পারছে না। তারা ক্লাসের অন্যদের ওপরেই বেশি নির্ভরশীল হয়ে পড়ছে।
অভিভাবকরা আরো জানান, আগের মতো ক্লাসে পরীক্ষা না থাকায় শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পথও বন্ধ। ফলে অনেক সুবিধা আর মেধা বিকাশের নানা পদ্ধতির কথা বলা হলেও বছর শেষে নতুন কারিকুলামের ফলাফল অশ্বডিম্ব বলেও মন্তব্য করেছেন তারা। তাই আগের মতো পরীক্ষাপদ্ধতি ফিরিয়ে এনে নতুন কারিকুলাম সংস্কারসহ বিভিন্ন দাবিও জানিয়েছেন তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।