ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ
নিজস্ব সংবাদদাতা:
ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখা লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোররাত ৪টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে ভবনের দোতলার কার্যালয়টি লক্ষ্য করে বোমাটি ছুঁড়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, দেয়ালে লেগে বোমাটি ভেঙে পাশের টিনশেড কক্ষের চালায় পড়ে আগুন ধরে যায়। শব্দ শুনে নৈশ প্রহরী চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
নৈশ প্রহরী সেলিম মিয়া বলেন, বিকট শব্দে বাইরে বের হয়ে দেখি আগুন। সঙ্গে সঙ্গে সবাইকে ডাক দিলে দ্রুত আগুন নেভানো গেছে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখার মধ্যে পাঁচটি ভাড়া বাসায় পরিচালিত হয় এবং সেগুলোতে নিরাপত্তার জন্য চৌকিদার রাখা আছে। ঘটনার পর অতিরিক্ত তদারকি জোরদার করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।