দেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করার দাবি
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ‘এক্সেপ্ট ইসরাইল’ (ইসরাইল বাদে) শব্দ দুটি পুনর্বহাল করার দাবি জানিয়েছে ইন্তিফাদা ফাউন্ডেশন। একইসঙ্গে বর্তমানে বাংলাদেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক কোন পর্যায়ে আছে সেটিও বের করার দাবি জানিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংগঠনটি জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশে জায়নবাদী আগ্রাসন : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তারা এসব দাবি তুলে ধরেন।
আয়োজকরা বলেন, বাংলাদেশে জায়নবাদী আগ্রাসনের প্রভাবেই হাসিনা সরকার পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ (ইসরাইল বাদে) শব্দ দুটি বাদ দিয়েছিল।
বাংলাদেশেও জায়নবাদী আগ্রাসন চলমান রয়েছে উল্লেখ করে ফিলিস্তিন ওলামা পরিষদের বাংলাদেশি কো-অর্ডিনেটর এবং ইন্তিফাদা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাইমিনুল হাসান রিযাদ বলেন, আগ্রাসন বলতে আমার বাংলাদেশে জায়নবাদীদের পক্ষে কিছু ঘটনা প্রবাহকে বুঝি। ইসরায়েল কুটনৈতিক অপতৎপরতার বড় অস্ত্র হল পেগাসাস স্পাইওয্যার আর বাংলাদেশ ইজরায়েল থেকে (তৃতীয় পক্ষ ব্যবহার করে) মোবাইলে আড়িপাতার এই যন্ত্র কিনেছে।
এছাড়াও নানা মাধ্যমে এনটিএমসি বিভিন্ন প্রযুক্তি ক্রয় করেছে এবং সেগুলো ব্যবহার করতে ইজরায়েলি সেনা কর্মকর্তাদের কাছ থেকে বাংলাদেশের সেনাকর্মকর্তারা প্রশিক্ষণ নিয়েছে। আবার দেশের পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ শব্দ দুটি বাতিল করা হয়েছে। আন্তর্জাতিক সূচকে দেশের পাসপোর্টের মান বৃদ্ধির মিথ্যা অজুহাত দিলেও পরে দেখা যায় আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের পাসপোর্টের মান আরও কমেছে।
তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরস্পরবিরোধী বক্তব্য জনমনে আরও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে বাংলাদেশের পাঠ্যপুস্তকে ফিলিস্তিনের মানচিত্রকে ইসরাইলের মানচিত্র বলে পরিচয় করিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
ইতিপূর্বে বাংলাদেশের সঙ্গে ইসরাইলের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সামরিক এইড পাঠানোর প্রস্তাব করেছিল ইসরাইল। কিন্তু মুক্তিযোদ্ধারা তা প্রত্যাখ্যান করেন। পরে ১৯৭২ সালের প্রথম দিকেই স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইসরাইল। কিন্তু তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ তা প্রত্যাখ্যান করে চিঠি রিলিজ করেন।
এমন অবস্থায় বাংলাদেশের সাথে ইসরাইল সম্পর্ক কোন পর্যায়ে আছে তা বের করা, কেন পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ (ইসরাইল বাদে) শব্দ দুটি বাতিল করা হয়েছিল তার জবাব রাষ্ট্র থেকে আদায় করা, পাসপোর্ট ‘এক্সেপ্ট ইসরাইল’ শব্দ দুটি পুনর্বহাল করতে সরকারকে চাপ সৃষ্টি করার আহ্বানও জানিয়েছেন তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।