দেউলিয়া হওয়ার শঙ্কায় আরও ব্যাংক, সতর্ক যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক:
দু’দিন আগে দেউলিয়া হয়ে গেছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি)। মাত্র ৪৮ ঘণ্টার অর্থনৈতিক ঝড়ে বন্ধ হয়ে গেছে চার দশকের পুরোনো ব্যাংকটি। একই শঙ্কায় রয়েছে দেশটির আরও কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে সেগুলোর চূড়ান্ত পতন ঠেকাতে সতর্ক মার্কিন কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের খবর অনুসারে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) এবং ফেডারেল রিজার্ভ এমন একটি তহবিল গঠনে জোর দিচ্ছে, যা দিয়ে সমস্যায় পড়তে পারে এমন ব্যাংকগুলোকে আরও সাহায্য করা যাবে।
গত বুধবার কিছু শেয়ার বিক্রির মাধ্যমে তহবিল সংগ্রহের ঘোষণা দেয় সিলিকন ভ্যালি ব্যাংক কর্তৃপক্ষ। আর তাতেই মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পুরোপুরি দেউলিয়া হয়ে যায় ঐতিহ্যবাহী ব্যাংকটি। অথচ গত বছরও তাদের আর্থিকমূল্য ছিল চার হাজার কোটি ডলারের বেশি।
এর পরপরই আরও কিছু স্থানীয় ঋণদাতা প্রতিষ্ঠানের শেয়ারে ব্যাপক দরপতন হয়। তার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়া ঠেকাতে নিজেদের আর্থিক স্থিতিশীলতার বিষয়ে আশ্বস্ত করতে বিবৃতি দিতে বাধ্য হয় প্রতিষ্ঠানগুলো।
গত জুমুয়াবার সান ফ্রান্সিসকো-ভিত্তিক ফার্স্ট রিপাবলিক ব্যাংকের শেয়ারের দর কমেছে ১৫ শতাংশ। সপ্তাহের হিসাবে ব্যাংকটির শেয়ারের দরপতন হয়েছে অন্তত ৩৪ শতাংশ।
একই দিন অ্যারিজোনা-ভিত্তিক ওয়েস্টার্ন অ্যালায়েন্স ব্যানকর্পের শেয়ারের দর নেমে গিয়েছিল ২০২০ সালের নভেম্বরের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে।
এছাড়া, জুমুয়াবার প্যাকওয়েস্ট ব্যানকর্পের শেয়ারের দরপতন হয় ৩৮ শতাংশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।