দাম বৃদ্ধি : মুরগির চাহিদা কমেছে প্রান্তিক বাজারে
মাদারীপুর সংবাদদাতা:
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীন ঘোড়ার মতো ছুটছেই। ভোক্তাদের হিসাব মতে, গত ৬ মাসে যে সব পণ্যের দাম বেড়েছে, তার কোনটাই কমেনি। বরং কিছু কিছু পণ্যের মূল্য বার বার বেড়েছে।
ব্রয়লারসহ সব মুরগির দাম বৃদ্ধি পাওয়ায় জেলার গ্রাম পর্যায়ের হাট-বাজারে বিক্রি কমেছে বলে জানান বিক্রেতারা।
বিক্রেতারা বলেন, দাম বাড়ায় চাহিদা অনেক কমে গেছে। আগে দোকান ভর্তি মুরগি থাকতো। প্রতিদিন প্রচুর মুরগি বিক্রি হতো। এখন তেমন বিক্রি হয় না। ক্রেতা কম থাকায় দোকানগুলোতে মুরগির সরবরাহও কম এখন।
সরেজমিনে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ পোল্ট্রি দোকানে মুরগির সংখ্যা কম। বিক্রিও কম হচ্ছে। অনেককে দাম শুনেই চলে যেতে দেখা গেছে। অধিক প্রয়োজন ছাড়া ব্রয়লার মুরগি এড়িয়ে যাচ্ছেন সাধারণ ভোক্তারা।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গ্রামের বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০ টাকা, সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা করে। এছাড়া দেশি মুরগির দাম আকার ভেদে ৪ থেকে ৫ শত টাকা করে বিক্রি হচ্ছে।
মুরগীর পাশাপাশি গরুর গোশত, মাছ এবং সবজির বাজারেও দাম বৃদ্ধি রয়েছে। আসন্ন রমাদ্বান শরীফকে সামনে রেখে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশংকা করছেন ভোক্তারা। ক্রমাগত দাম বেড়ে যাওয়ায় জীবনযাত্রার মান ধরে রাখা কষ্টকর হয়ে পরবে বলে সাধারণ মানুষেরা জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।