তালা ভেঙ্গে ঢাবি ও জাবি’র হলের নিয়ন্ত্রণ নিয়েছেন শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের নিয়ন্ত্রণ নিয়েছেন আন্দোলনকারীরা। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শিক্ষার্থীরা হলগুলো দখলে নেন।
শুরুতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলসহ কয়েকটি হলের তালা ভেঙে শিক্ষার্থীরা হলে প্রবেশ করেন। এরপর অন্যান্য হলেও শিক্ষার্থীরা প্রবেশের চেষ্টা করলে তালা খুলে দেন নিরাপত্তারক্ষীরা।
শুরুতে হলপাড়ার পাঁচটি হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এরপর একে একে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, এসএম হলসহ অন্য হলগুলোতেও প্রবেশ করেন তারা।
এদিকে তালা ভেঙে হলে প্রবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার বিকেল সোয়া চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন হলের তালা ভেঙে প্রবেশ করেন।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে যান এবং হলের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর ফজিলাতুন্নেছা হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল, প্রীতিলতা হল, সুফিয়া কামাল ও শেখ হাসিনা হলের তালা ভাঙা হয়।
এর আগে শনিবার বিকেলে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার জন্য প্রশাসনকে সময় বেঁধে দেন। প্রশাসন এ সময়ের মধ্যে হল না খুলে দিলে শিক্ষার্থীরা নিজেরাই হল খোলার ব্যবস্থা করবেন বলে ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে হলের তালা ভাঙেন শিক্ষার্থীরা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।