তাইওয়ানে দফায় দফায় ২০০টির বেশি ভূমিকম্প অনুভূত
আবারো দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। স্থানীয় সময় গত সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে ৮০টির বেশি ভূকম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৩।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পগুলো হুয়ালিয়েনের বৃহত্তর গ্রাম পূর্ব কাউন্টিতে কেন্দ্রীভূত ছিল, যেখানে গত ৩ এপ্রিল ৭.২ মাত্রার কম্পনের পরে কমপক্ষে ১৭ জন নিহত হয়।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন অনুসারে, প্রথম শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৫.৫ মাত্রার। সোমবার বিকেল ৫টা ৮ মিনিটে এটি আঘাত হানে। এরপর মঙ্গলবার ভোর পর্যন্ত দফায় দফায় কম্পন অনুভূত হয়।
এ সময় আবহাওয়া কর্মকর্তারা জানায়, তাইপেতে এখনো পরাঘাত অনুভূত হচ্ছে। এ পর্যন্ত ৫০টিরও বেশি পরাঘাত রেকর্ড করা হয়েছে।
দেশটির সরকারি বার্তা সংস্থা জানায়, ১৯৯৯ সালে ৭.৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২৪০০ জনের মৃত্যু হয়েছিল ও ৫০ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কর্মকর্তারা বলছে, গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। সূত্র: এএফপি ও সিএনএ
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।