ডলারে আয়ের লোভনীয় ফাঁদ পেতেছিলো তারা
নিজস্ব প্রতিবেদক:
অনলাইনে বিনিয়োগে উচ্চ লাভের আশায় একটি চক্রের ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছে অনেকে। গত কয়েক মাসে চক্রটি ৬-৭ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
মিরপুর মডেল থানায় চক্রটির বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ।
৩০ জানুয়ারি সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, চক্রটি আমেরিকান কোম্পানির নাম ধারণ করে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে এমএলএম স্কিমে বিনিয়োগের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা নির্ধারিত প্যাকেজের আওতায় ডলারের বিপরীতে টাকা বিনিয়োগ করতো। আর সেই টাকা নিয়ে পলাতক হয়ে যায় চক্রের সদস্যরা। এমন একটি অভিযোগের ভিত্তিতে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। তাদের মোবাইলে হ্যাচারি প্রজেক্টের নামে অন্য একটি স্কিমের তথ্য পাওয়া গেছে। যার মাধ্যমে লাখ টাকা করে নেওয়া শুরু করেছিল তারা।
প্রতারণা এড়াতে ক্রিপ্টোকারেন্সির লেনদেনে না জড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির লেনদেন অবৈধ। নাম সর্বস্ব সফটওয়্যারে বা ওয়েবসাইটে বিনিয়োগ না করা, অনুমোদিত ব্যাংকিং চ্যানেল ব্যাতীত কোথাও লেনদেন না করারও পরামর্শ দেন তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।