টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৮ লাখ ৯০ হাজার পিস মাদক বড়ি উদ্ধার করেছে বিজিবি। এ ছাড়া পৃথক দুটি অভিযানে আরও ১ লাখ ৪ হাজার পিস মাদক বড়িসহ দুজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী এলাকায় তিনটি পৃথক অভিযান চালায়। এসব অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মোট ৯ লাখ ৯৪ হাজার পিস মাদক বড়ি উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলার জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবি। পরে বিজিবির একটি অভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়।
নৌকাটিতে থাকা আনুমানিক ৭ থেকে ৮ জন মাদক কারবারি মাদক বড়িভর্তি বস্তা পানিতে নামিয়ে নিকটবর্তী কেওড়া বনে অবস্থান নেন। তারা বেড়িবাঁধ পার হওয়ার অপেক্ষায় ছিলেন। এ সময় বিজিবির আরেকটি টহল দল স্পিডবোট নিয়ে কেওড়া বনের দিকে এগিয়ে গেলে মাদক কারবারিরা গুলি চালান। বিজিবিও পাল্টা গুলি চালিয়ে এগিয়ে যায়।
এক পর্যায়ে বিজিবির পাল্টা গুলির মুখে মাদক কারবারিরা মাদক বড়িভর্তি বস্তাগুলো পানিতে ভাসমান অবস্থায় রেখে নৌকায় করে মিয়ানমারে পালিয়ে যান। পরে বিজিবির টহল দল ওই স্থান থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস মাদক বড়ি উদ্ধার করে।
বিজিবি জানায়, এ ছাড়া বুধবার রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আঞ্জুমানপাড়া এলাকা থেকে রমজান নামে একজনকে ১ লাখ পিস মাদক বড়িসহ আটক করা হয়। একই দিন রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট থেকে আরেক যুবককে ৪ হাজার পিস মাদক বড়িসহ আটক করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।