জুমুয়াবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা
আল ইহসান ডেস্ক:
মৌসুমি বায়ু এখন বিদায় নিচ্ছে। এ অবস্থায় সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, যা আগামী জুমুয়াবার (১০ অক্টোবর) পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে তারপর কিছুটা কমে যেতে পারে বৃষ্টি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি বিদায় নেবে মৌসুমি বায়ু। এর আগে জুমুয়াবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তারপর অনেকটাই কমে আসবে বৃষ্টি।
আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।