জি এম কাদের লাজলজ্জার মাথা খেয়েছেন -রাশেদ
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিবিসি বাংলাতে নিউজ হয়েছে, জি এম কাদেরের আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। তার বিরুদ্ধে আর কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। এটা কি জি এম কাদেরের জন্য লজ্জা নয়? ক্ষমতার অংশীদার হতে জি এম কাদের লাজলজ্জার মাথা খেয়েছেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন রাশেদ খান।
রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ আমি ও ডামির নির্বাচন করছে। এই নির্বাচন ৬২টি রাজনৈতিক দল বর্জন করেছে। জনগণও ভোটকেন্দ্রে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু জনগণকে ভয় দেখিয়ে ভোটকেন্দ্র নেওয়ার জন্য আওয়ামী ভয় দেখাচ্ছে, এনআইডি কার্ড ও ভাতা সুবিধা বাতিলের হুমকি দিচ্ছে।’
তিনি বলেন, ‘বিরোধী দলবিহীন ডামি নির্বাচন দেশ-বিদেশের কোথাও গ্রহণযোগ্যতা পাবে না। ইতিমধ্যে আমেরিকার প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। তাদের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল সংলাপ, সমঝোতার মাধ্যমে নির্বাচনী পরিবেশ তৈরি করে অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ নিতে; কিন্তু সেটি করা হয়নি।
বরং জাতীয় পার্টিকে ২৬টি আসন ছাড় দিয়ে নির্বাচনে নিয়েছে। জি এম কাদের বলেছেন, তাদের কোনো আসন ছাড় দেওয়া হয়নি। কিন্তু আসন ছাড়ের বক্তব্য স্বয়ং প্রধানমন্ত্রী দিয়েছেন। তাহলে কে সত্য, কে মিথ্যা? প্রধানমন্ত্রী কি তাহলে মিথ্যা বলেছেন?’
আমাদের স্পষ্ট বক্তব্য, এটা ১৪ কিংবা ১৮ সাল নয় উল্লেখ করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘এই নির্বাচন হতে যাচ্ছে ২০২৪ সালে। এখনকার জনগণ অত্যন্ত সচেতন।
আমাদের উন্নয়ন সহযোগী, বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। ইতিমধ্যে বিভিন্ন দেশে একতরফা নির্বাচন হওয়ায়, সেখানকার শতাধিক এমপির ওপর নিষেধাজ্ঞা এসেছে। বাংলাদেশে একতরফা ডামি নির্বাচন হলে এখানেও ৩০০ এমপির ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।