জরুরি খরচে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ
হঠাৎ প্রয়োজনীয় খরচ মেটাতে ডিজিটাল মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে নতুন এই সুবিধা চালু হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, সাময়িক নগদ সংকট মোকাবিলার পাশাপাশি মানুষকে ডিজিটাল লেনদেনে আরও অভ্যস্ত করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সুবিধার আওতায় যোগ্য গ্রাহকেরা সর্বনি¤œ ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
তবে ঋণের অর্থ হাতে নিয়ে খরচ করার সুযোগ থাকবে না। নির্ধারিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে অনুমোদিত খাতে সরাসরি বিলদাতা বা সেবাদাতাকে অর্থ পরিশোধ করতে হবে।
‘ই-পেমেন্ট ক্রেডিট’ -এর অর্থ বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধে ব্যবহার করা যাবে। এ ছাড়া মোবাইল রিচার্জ, শিক্ষা ও চিকিৎসা ব্যয়, ভ্রমণ খরচ, কর ও সরকারি সেবার ফি, ঋণ বা আমানতের কিস্তি এবং বিমার প্রিমিয়াম পরিশোধেও এ ঋণ ব্যবহার করা যাবে।
তবে ঋণের অর্থ গ্রাহকের নিজস্ব ব্যাংক হিসাবে স্থানান্তর করা যাবে না। একইভাবে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) ওয়ালেটেও এই অর্থ জমা করার সুযোগ থাকবে না। নগদে উত্তোলনও সম্পূর্ণ নিষিদ্ধ।
গ্রাহকেরা ঋণ পরিশোধের জন্য ৭, ১৫ অথবা ৩০ দিনের মেয়াদ পাবেন। এ ঋণের ক্ষেত্রে প্রচলিত সুদের পরিবর্তে ব্যাংক নির্ধারিত সেবা ফি নেয়া হবে।
৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের জন্য সর্বোচ্চ সেবা ফি নির্ধারণ করা হয়েছে- ৭ দিনের জন্য ৩ টাকা, ১৫ দিনের জন্য ৪ টাকা এবং ৩০ দিনের জন্য ৬ টাকা।
অন্যদিকে, ৭ হাজার ১ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সেবা ফি হবে ৭ দিনের জন্য ৩৫ টাকা, ১৫ দিনের জন্য ৭০ টাকা এবং ৩০ দিনের জন্য ১৩০ টাকা।
নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত সুদ বা আগাম পরিশোধের জন্য কোনো বাড়তি ফি নেয়া যাবে না। তবে নির্ধারিত সময় পার হওয়ার পর ঋণ পরিশোধ করলে জরিমানা আরোপ করা যেতে পারে। এই জরিমানার পরিমাণ সংশ্লিষ্ট ঋণের জন্য প্রযোজ্য দৈনিক সেবা ফির বেশি হতে পারবে না।
প্রাথমিকভাবে ব্যাংকগুলো অন্তত ছয় মাস পরীক্ষামূলকভাবে এই সুবিধা পরিচালনা করবে। পাইলট কার্যক্রমের ফলাফল মূল্যায়নের পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে এটি বাণিজ্যিকভাবে চালু করা হবে।
পুরো প্রক্রিয়াটিই ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। অর্থাৎ গ্রাহক নিবন্ধন, ঋণের আবেদন ও অনুমোদন, নির্ধারিত সেবার মূল্য পরিশোধ এবং ঋণ আদায়-সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার ব্যবস্থা রাখতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।