ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ আরও দুজন মারা গেছে
নিজস্ব প্রতিবেদক:
ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়া সাইফুল ইসলাম আরিফ ও কারীমুল ইসলাম নামের আরও দুজনের মৃত্যু হয়েছে। রাজধানীর দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনে আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাইফুল ইসলাম সিএমইচ হাসপাতাল এবং কারীমুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, সাইফুলের গ্রামের বাড়ি ফেনীতে। দশম শ্রেণি ছাত্র সাইফুল ৪ আগস্ট আন্দোলনে আহত হয়েছিল। সকাল ৭টায় সিএমএইচে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে কারীমুল ইসলামের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। ভোর ৫টায় ঢাকা মেডিকেলে মৃত্যু হয় তার।
গত শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক হাজার ৫৮১ জনের নিহতের খবর জানানো হয়। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ৩১ হাজারের বেশি ছাত্র-জনতা আহত হয়েছে বলে জানানো হয়। তবে এটাই চূড়ান্ত নয় বলে জানান কমিটির সদস্যরা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।