ছাত্র আন্দোলনের সব মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার -আইন উপদেষ্টা
ছাত্র আন্দোলনের ঘটনায় দেশজুড়ে যত মামলা হয়েছে আগামী ৩১ আগস্টের মধ্যে সবগুলো প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ ছাড়া আজ বৃহস্পতিবারের মধ্যে রাজধানীতে হওয়া হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ড. আসিফ নজরুল।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, তিন দিনের মধ্যে ছাত্র হয়রানিমূলক মামলাগুলোর নিষ্পত্তি চেয়েছিলাম। কিন্তু পুলিশের সবাই দায়িত্বে না থাকায় এটি সম্ভব হয়নি। এখন সব পুলিশ দায়িত্ব নিচ্ছে।
ড. আসিফ নজরুল আরও বলেন, পুলিশ প্রশাসনকে মন্ত্রীরা কীভাবে ব্যবহার করা হয়েছে, আপনারা দেখেছেন। ছাত্র আন্দোলনে হত্যা ঘটনায় সাবেক সরকারপ্রধানসহ যারাই জড়িত থাকেন, তাদের ছাড় দেব না। বিচার আওতায় আনা হবে।
আসিফ নজরুল বলেন, বিচার কার্য শুরু হলে আসামি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আইনজীবীর মাধ্যমে আসতে পারবে। এখন পর্যন্ত যত গায়েবি মামলা হয়েছে সব প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, আবরার হত্যা মামলাসহ যত গুম হয়েছে, এসব বিচার করা হবে। সাংবাদিকদের হয়রানি করার জন্য যেসব মামলা করা হয়েছে, সেগুলো বাতিল ও আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। সাগর-রুনি হত্যার বিচার করা হবে।
এ ছাড়াও সাংবাদিক রোজিনার নামে মামলা প্রত্যাহার করা হবে এবং তার পাসপোর্টও ফেরত দেওয়া হয়েছে বলে জানান ড. আসিফ নজরুল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।