চাপে শেয়ারবাজার : পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা
সামনে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাস্তবায়নের খবর। রিজার্ভে পড়েছে নেতিবাচক প্রভাব। ধারাবাহিকভাবে কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আবার তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সে নেতিবাচক প্রভাব পড়েছে। অনেক কোম্পানির কারখানা বন্ধ হয়ে গেছে। এমনকি কোম্পানির প্রধান কার্যলয় অন্য প্রতিষ্ঠানের দখলে থাকার ঘটনাও আছে। সবকিছু মিলে এক ধরনের চাপে রয়েছে দেশের শেয়ারবাজার।
এতে প্রতিনিয়ত বিনিয়োগ করা পুঁজি হারাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। ফলে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে। সেইসঙ্গে বাজারের ওপর থেকে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। ধীরে ধীর লেনদেনের গতিও কমে যাচ্ছে। এরই মধ্যে লেনদেন কমে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে।
দরপতনের সঙ্গে শেয়ারবাজারে লেনদেনেও খরা যুক্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেন কমে ৪০০ কোটি টাকার নিচে চলে এসেছে। এর মাধ্যমে প্রায় দেড় মাস পর বা গত ২০ আগস্টের পর ডিএসইতে সর্বনিম্ন লেনদেন হয়েছে।
ডিএসইর এক সদস্য বলেন, এখন নানা ইস্যুতে শেয়ারবাজারে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। ভিসানীতির যেমন প্রভাব রয়েছে, তেমনি রাজনৈতিক পরিস্থিতিরও প্রভাব আছে। আবার রিজার্ভ কমে যাওয়া, খেলাপি ঋণ বেড়ে যাওয়া, নীতি সুদহার বাড়ানোর ঘোষণাসহ সবকিছুই শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। শেয়ারবাজারের ওপর এখন যে চাপ সৃষ্টি হয়েছে, তা কখন কাটবে বলা মুশকিল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।