চাকরি ছেড়ে নার্সারি, ৬ মাসে আয় ১২ লাখ, ইমদাদুলের সাফল্য
নিজস্ব প্রতিবেদক:
ইমদাদুল হক। ঢাকায় ভালো বেতনের চাকরি ছেড়ে গাছের প্রতি ভালোবাসা থেকে ফিরে আসেন গ্রামে। শুরু করেন নার্সারি ব্যবসা। সেখান থেকেই ঘুরে গেছে এ তরুণের ভাগ্যের চাকা। তিনি এখন সফল কৃষক ও নার্সারি উদ্যোক্তা হিসেবে পরিচিত। গত ৬ মাসেই নার্সারির চারা বিক্রি করে আয় করেছেন প্রায় ১২ লাখ টাকা। তার এমন সাফল্য প্রমাণ করে, ইচ্ছা আর পরিশ্রম থাকলে গ্রামেও গড়ে তোলা যায় স্বপ্নের কর্মজীবন।
ইমদাদুল হক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কানসোল গ্রামের ছেলে। সংসারের হাল ধরতে ঢাকায় রেস্টুরেস্টে শেফ হিসেবে কাজ করতেন। বেতন পেতেন মাসে ৪০ হাজার টাকা। দেশি-বিদেশি বিভিন্ন পদের খাবার তৈরিতে পারদর্শী ছিলেন।
চাকরিতে থাকা অবস্থায় গ্রামের বাড়ির আঙিনায় শখ করে রোপণ করেন বিভিন্ন জাতের ১০টি আমের চারা। এরপর একে একে হরেক রকম ফলের চারাও লাগান। কয়েক বছরের মধ্যেই প্রতিটি গাছে ফল ধরতে শুরু করে। এ দৃশ্য তার মনে নতুন কিছু করার স্বপ্ন জাগিয়ে তোলে। মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগেই শুরু হয় সবুজ যাত্রা। একসময় নতুন কিছু করার লক্ষ্যে চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন। গড়ে তোলেন ইমদাদ গার্ডেন নামে একটি নার্সারি প্রতিষ্ঠান।
চাকরির চেয়ে নার্সারি ব্যবসায় সুন্দরভাবে চলতে পারেন ইমদাদুল। তার নার্সারিতে আম, লিচু, জাম, পেয়ারা, মাল্টা থেকে শুরু করে চায়না কমলা ও আঙুরের মতো আকর্ষণীয় জাতের চারা পাওয়া যায়। সারাদেশে চারা সরবরাহ করেন। বিশেষ করে চায়না কমলা ও আঙুরের চারা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বৃষ্টির কয়েক মাস সবচেয়ে বেশি চারা বিক্রি হয়। অনলাইন ও অফলাইনে চারা বিক্রি হয়। তবে অনলাইনেই বেশি সাড়া মেলে। গত ৬ মাসে ১২ লাখ টাকার মতো চারা বিক্রি করেছেন, যা একসময় কল্পনাতেও ছিল না।
তবে ইমদাদুলের অভিজ্ঞতা বলছে, নার্সারি তৈরি ও পরিচালনা করা মোটেও সহজ কাজ নয়। কোনো ধরনের প্রশিক্ষণ, অভিজ্ঞ চাষি বা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ছাড়া একা একা নার্সারি শুরু করা ঝুঁকিপূর্ণ। এতে অনেক সময় অর্থনৈতিক ও মানসিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা থাকে।
বাগানপ্রেমীদের উদ্দেশ্যে ইমদাদুল হক বলেন, কোনো কাজ শুরুতেই বড় আকারে না করা ভালো। ছোট পরিসর থেকে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে এগিয়ে যাওয়া উচিত। এতে ঝুঁকি কম থাকে। সফল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। আমি নিজেও সেই পথে হেঁটেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।