চলতি মাসের ২৭ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক:
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৩৫ কোটি ২০ লাখ (২.৩৫ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ হাজার ৫৭২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
গত রোববার (২৮শে সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণেই রেমিট্যান্সে এই ইতিবাচক ধারা অব্যাহত আছে।
বাংলাদেশ ব্যাংকের (বিবি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ সময়ে মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২ হাজার ৩৪২ মিলিয়ন মার্কিন ডলারে।
এটি গত বছরের একই সময়ের তুলনায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি; তখন রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ৯৪ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের সামগ্রিক তথ্যেও এ প্রবৃদ্ধির ধারা প্রতিফলিত হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ৭ হাজার ২৪২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি গত অর্থবছরের একই সময়ের ৬ হাজার ২৩২ মিলিয়ন ডলারের তুলনায় বেশি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।