গ্রীষ্মের ফুল : নিঠুর নগরে কোমল মনোহর
এই তপ্ত গরমে এখন ঢাকার কিছু কিছু সড়কের দুই ধারে মাথা দোলাচ্ছে বেগুনি জারুল, স্বর্ণাভ সোনালু, রক্তিম কৃষ্ণচূড়া। সেইসঙ্গে এত প্রতিকূলতার ভেতরেও টিকে থাকা নগর উদ্যানগুলোয় শোভা পাচ্ছে নাগেশ্বর, রাধাচূড়া, গুস্তাভিয়া, কাঠগোলাপ, ডুলিচাঁপা, উদয়পদ্ম, মধুমঞ্জুরি, কনকচূড়া ও ঝুমকোলতার মতো বহু বর্ণের ফুল।
এর পাশাপাশি আছে পাদাউক, পেল্টোফোরাম, কমব্রেটাম, পালাম, গোলাপি রঙা সোনালু, নাগেশ্বর, হিজল, জ্যাকারান্ডা ও কুরচির কোমলতা।
এছাড়া জারুল আর পেল্টোফোরামের শোভা দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, হাতিরঝিলে। রমনায় পাওয়া যাবে উদয়পদ্ম। সোহরাওয়ার্দী উদ্যানের জারুলবীথিও মনোমুগ্ধকর।
মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে গেলে দেখা যাবে নীল জ্যাকারান্ডা। ভিনদেশি এই ফুল নীল কৃষ্ণচূড়া নামেও পরিচিত।
গ্রীষ্মের আরেকটি সুন্দর ফুল সোনালু। উজ্জ্বল সোনালি হলুদ রঙের জন্য এমন নামকরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা, ওসমানী মিলনায়তন, সুপ্রিমকোর্টের সামনের এলাকা ও বলধা গার্ডেনসহ আরও অনেক এলাকায় চোখে পড়বে কোমল-মনোহর এই ফুল।
আর কাঠগোলাপ বা গোলক চাঁপার শোভা দেখা যাবে জাতীয় জাদুঘর, বেইলি রোড, ভিকারুননিসা স্কুল, শিশু একাডেমী ও ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলের সামনে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।