গণনা পদ্ধতি সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার
কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি তথ্যের গরমিলের বড় অঙ্ক সামনে আনার পর সরকার তথ্য গণনা পদ্ধতি সংশোধনের উদ্যোগ নিতে শুরু করেছে। যেন একই ধরনের গরমিলের আবার পুনরাবৃত্তি না হয়।
এই প্রক্রিয়ার অংশ হিসাবে, তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত ও নীতিগুলো প্রমাণ-ভিত্তিক করতে চায় সরকার। এজন্য বিশ্ববাজারে বিক্রির রিয়েল-টাইম তথ্য প্রকাশে একটি প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
ঢাকায় রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) এক সভায় লাইভ ডেটা প্ল্যাটফর্ম চালু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ইপিবি, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের প্রতিনিধিরা অংশ নেন।
গত বুধবার কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি তথ্যের বড় ধরনের গরমিল সংশোধন করে। তারপর সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রথম বৈঠক এটি। বাংলাদেশ ব্যাংকের সংশোধিত পরিসংখ্যান দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। অর্থনীতিবিদরা এটিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের আর্থিক খাতের সবচেয়ে বড় ধাক্কা বলেও অভিহিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিলের প্রকৃত রপ্তানি ইপিবির প্রকাশিত তথ্যের চেয়ে প্রায় ১৪ বিলিয়ন ডলার কম।
বিষয়টি রপ্তানি তথ্য নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে সরকারকে প্ররোচিত করেছে। কারণ সরকারের বিভিন্ন সংস্থার দেওয়া রপ্তানি তথ্যের এই গরমিল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া ইপিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'তথ্যের অমিল নীতিনির্ধারকদের ভুল বার্তা দিচ্ছে বলেই এই প্লাটফর্মের পরিকল্পনা করা হয়েছে।'
তবে প্ল্যাটফর্মটি কবে চালু হবে এবং কীভাবে চালানো হবে তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তিনি। কারণ পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এ বিষয়ে শিগগিরই ইপিবি বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, 'এ ধরনের একটি আধুনিক ডাটা প্লাটফর্ম তৈরির জন্য অর্থের প্রয়োজন হবে।'
এর আগে, চলতি সপ্তাহের শুরুতে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছিলেন, রিয়েল-টাইম ডেটা প্ল্যাটফর্মের জন্য শিগগিরই নতুন প্রকল্প নেওয়া হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।