খালেদা জিয়া-হাজী সেলিম নির্বাচন করতে পারবেন না -দুদক আইনজীবী
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি দমন কমিশনের প্রধান আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
গতকাল ইয়াওমুল ইছনাইনল আযীম (সোমবার) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, হাইকোর্টের রায় অনুযায়ী খালেদা জিয়া কিংবা হাজী সেলিমসহ সাজাপ্রাপ্ত কেউই আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ দুজনই ২ বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত হয়েছেন।
খুরশীদ আলম খান বলেন, হাইকোর্ট প্রকাশিত রায়ে বলেছে, সাজা কখনও স্থগিত হয় না। উপযুক্ত আদালতে সাজা বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নাই। এই রায়ের আলোকে খালেদা জিয়া, হাজী সেলিমসহ দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিই আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। কারণ তাদের সাজা বাতিল হয়নি। যদি হাইকোর্টের রায় আপিল বিভাগ সংশোধন করেন বা বাতিল করেন সেটা ভিন্নকথা।
গত রোববার (২২ অক্টোবর) হাইকোর্টের বিচারক নজরুল ইসলাম তালুকদার ও বিচারক কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এক রায়ে মন্তব্য করেন, দুর্নীতির মামলায় দুই বছরের ওপর সাজাপ্রাপ্ত আসামি সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য।
এর ফলে শুধু বেগম খালেদা জিয়াই নয়, হাজী সেলিমসহ দুর্নীতির মামলায় ২ বছরের বেশি সাজাপ্রাপ্ত কেউই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানান দুদকের আইনজীবী। এসময় তিনি আরও বলেন, কারও সাজা স্থগিত করলেই নয়, উপযুক্ত আদালতের মাধ্যমে সাজা বাতিল হলেই নির্বাচনে কেউ অংশ নিতে পারবেন।
তিনি আরও জানান, ২৮ তারিখ রাতে নাইকো দুর্নীতি মামলার দুই বিদেশি সাক্ষী ঢাকায় আসবেন এবং ৩০ তারিখ সাক্ষ্য দেবেন তারা।
প্রসঙ্গত: দুর্নীতির মামলায় দ-িত হওয়ার পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া কারাগারের বাইরে আছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় তার। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাজা হয়। ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি মেলে তার। বর্তমানে চিকিৎসাধীন আছেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।