কেসিসির আপত্তির পরেও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা পেলো পশুহাটের অনুমতি
ফুলবাড়ীগেট তেলিগাতি এলাকায় কোরবানির পশুর হাট বসিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী। সে নিজেকে সংগঠনটির কেন্দ্রীয় সহসমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সংগঠক পরিচয় দেয়।
গত ৩১ মে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে হাট বসানোর অনুমতি দেওয়া হয়। অথচ ফুলবাড়ীগেট এলাকায় হাটের অনুমতি না দিতে গত ২১ মে জেলা প্রশাসককে চিঠি দিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। তারপরও হাটের অনুমতি দেওয়ায় ক্ষুব্ধ সংস্থার কর্মকর্তারা।
কেসিসির এস্টেট অফিসার শেখ সালাউদ্দিন বলেন, ফুলবাড়ীগেট এলাকায় গরুর হাট না বসানোর জন্য এবারও চিঠি দেওয়া হয়েছিল। শুনেছি, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে অনুমতি দিয়েছে। ওই এলাকায় হাট বসানোর পরিবেশ নেই। আগে অনুমতি দিয়ে বলত, মন্ত্রীর চাপে দিতে হয়েছে। এবার কার চাপে জেলা প্রশাসন কীভাবে অনুমতি দিল, বুঝতে পারছি না।
তবে সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, হাট ইজারা নিতে আমি দলীয় পরিচয় বা কোনো প্রভাব ব্যবহার করিনি। আমার আবেদন যাচাই-বাছাই করে সঠিক পেয়েই অনুমতি দিয়েছে। অন্য যারা আবেদন করেছে, বেশির ভাগেরই কাগজপত্রে সমস্যা ছিল। অনেকের জমি ব্যবহারের অনুমতি ছিল না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।