কারাগার-দুদক কি শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য -জয়নুল
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সরকারের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, ‘দুদক কি শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য? যারা হলফনামা দিয়েছেন এমপি হবার পূর্বে। দুদক চোখে কি কালো পতাকা দিয়ে রেখেছে? ২০১৮ সালের নিশিরাতের নির্বাচনের পরে কত লক্ষ কোটি টাকা রুজি করেছেন তা এমপিদের হলফনামায় ও পত্রিকায় লেখা হয়েছে। তাহলে দুদক শুধু কি বিএনপির জন্য? দুদক শুধু কি তারেক রহমানের জন্য? জেলখানা কি শুধু বিএনপি নেতাকর্মীদের জন্য?’
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দ্বাদশ সংসদ নির্বাচন জনগণ মেনে নেয়নি মন্তব্য করে জয়নুল আবদিন বলেন, ‘এই নির্বাচন বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো মেনে নেয়নি। ২০১৪ সালে অটোপাস করেছেন। ২০১৮ সালে নিশিরাতে নির্বাচন করেছেন। ২০২৪ সালে ভাইয়ে ভাইয়ে নির্বাচন করে আবারও বাংলাদেশের মানুষকে লুটেপুটে খাবেন, আবারও বিএনপি নেতাদের ওপর হামলা করবেন, মামলা করে জেলে দেবেন- এটা সহ্য করা হবে না। তাই ৩০ তারিখ যে সংসদ হবে বাংলাদেশের জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে।’
নির্বাচন কমিশনকে ইঙ্গিত করে এই বিএনপি নেতা বলেন, ‘আপনি জনগণের ২ হাজার কোটি টাকা নষ্ট করেছেন। নির্বাচন হয়েছে? বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনলাম ৬০০ জন এমপি। ৩০০ জন ১০ জানুয়ারি শপথ নিয়েছে। আর ৩০০ নাকি ৩০ তারিখ পর্যন্ত বলবৎ আছে। ২০১৪ ও ১৮ সালের নির্বাচনে মৃত ব্যক্তির ভোটে নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালে নির্বাচিত হয়েছেন নাবালক শিশুর ভোটে।’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।