কারওয়ান বাজারে নারী মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কারওয়ান বাজারে জোসনা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) রাতে কারওয়ান বাজার শুঁটকি পট্টির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ মহসীন।
তিনি জানান, গ্রেফতার জোসনা কারওয়ান বাজার রেললাইন বস্তি এলাকার মাদকের অন্যতম নিয়ন্ত্রক। সে মূলত গাঁজা কারবারি। সে সাধারণত সবজির ঝুড়ি নিয়ে ঘোরে। এর আড়ালেই গ্রাহকদের কাছে গাঁজা পৌঁছে দেয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।
ওসি মহসীন আরও জানান, তার স্বামী মাদকসেবী। স্বামীর মাদকের টাকা সংগ্রহ করতে গিয়েই মাদক ব্যবসায় জড়িয়ে যায়। জোসনা গ্রেফতার হলে তার স্বামীই তার জামিন করায়। জোসনার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। সে জেলেও গেছে ১০ বার। প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।