এবার হাটহাজারীতে ৫০০ বছরের পুরোনো মাজার ভাঙার চেষ্টা
হাটহাজারীতে ৫০০ বছরের পুরোনো শাহ মনোহর মাজার ভাঙার চেষ্টা করা হয়েছে।
গত জুমুয়াবার (৭ ফেব্রুয়ারি) প্রায় ৫০০ বছরের পুরোনো এ মাজারটি ভাঙার জন্য এসে এলাকাবাসীর বাধার মুখে পালিয়ে যায় হামলাকারীরা। শাহ সুজার বংশধর শাহ মনোহর প্রায় ১৬০০ শতাব্দীতে চট্টগ্রামের হাটহাজারীর ধলই এলাকায় অবস্থান গড়ে তোলেন। পরে শাহ মনোহরকে সেখানে দাফন করা হয়। প্রায় ৫০০ বছর আগে বেশ কিছু নিদর্শন সেখানে এখনো রয়েছে।
স্থানীয় মোহাম্মদ মহিউদ্দিন বলেন, রাতে একদল দুর্বৃত্ত মাজারে হামলা চালাতে এসেছিল। কিন্তু মসজিদের খাদেম টের পেয়ে মাইকে ঘোষণা করেন। এরপর এলাকাবাসী চারদিক থেকে ঝাঁপিয়ে পড়েন।
স্থানীয় মোহাম্মদ বখতিয়ার জানান, মাজারের গিলাফে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এলাকাবাসীর তোপের মুখে পালাতে বাধ্য হয় হামলাকারীরা। পরে সারা রাত পাহারা দেয় এলাকার লোকজন। দুর্বৃত্তরা সুযোগ পেলে মাজারে আগুন ধরিয়ে দিত। কিন্তু এলাকাবাসী সজাগ থাকায় তা সম্ভব হয়নি।
জানা গেছে, এই মাজারে প্রাচীন ঢাল-তলোয়ার, পাগড়ি ও বিভিন্ন প্রাচীন দলিল রয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, ধলই ইউনিয়নের পশ্চিম ধলই সফিনগর গ্রামের হযরত শাহ মনোহর-এর মাজার ভাঙতে আসার খবরটি আমি শুনেছি। কিন্তু যারা ভাঙতে এসেছে, তাদের চিনতে পারেনি এলাকাবাসী। চিনতে পারলে ব্যবস্থা নেওয়া যেত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।