এক পিস ছাগলের চামড়ার দাম ৩ টাকা ৮৫ পয়সা
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার বাজার যশোরের রাজারহাট থেকে লোকসান নিয়ে ফিরেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এমন কোনো ব্যবসায়ী পাওয়া যায়নি যার লোকসান হয়নি। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ছিল ঈদ পরবর্তী রাজারহাটের প্রথম বাজার। এদিনই লোকসানের কথা জানান ক্ষুদ্র ব্যবসায়ীরা।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগের রাতেই চামড়া নিয়ে হাজির হন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বাইরে থেকে আসা ব্যাপারীরাও আগের রাতে এসে অবস্থান নেন বিভিন্ন হোটেল-মোটেলে। সকাল ৭টা থেকে শুরু হয়ে যায় কেনাবেচা। এবারো এর ব্যতিক্রম হয়নি। তবে এই বাজারে সরকার নির্ধারিত দামে কোনো চামড়া কেনাবেচা হয়নি। অধিকাংশ ক্ষুদ্র ব্যবসায়ী লোকসানে চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন। গরুর চামড়া মোটামুটি বিক্রি হলেও বিপাকে পড়েন ছাগলের চামড়া বিক্রেতারা। প্রতি পিস ছাগলের চামড়া তিন টাকা ৮৫ পয়সায়ও বিক্রি করতে দেখা গেছে। আবার কারো কারো ছাগল ও ভেড়ার চামড়ার দাম বলেননি কোনো ব্যাপারী- এমন ঘটনাও ঘটেছে। বাজারে এমন কোনো ক্ষুদ্র ব্যবসায়ী পাওয়া যায়নি যে তার গরুর চামড়ায় ২০০ থেকে ৩০০ টাকা লোকসান হয়নি। সবমিলিয়ে বড় বাজারে বড় দরপতন হয়েছে।
গত ৩ জুন চামড়া খাতের একাধিক সংগঠনের নেতাদের সাথে বৈঠক করে কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সেই অনুযায়ী, ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৫-৬০ টাকা, যা গত বছর ছিল ৫০-৫৫ টাকা। ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫০-৫৫ টাকা, যা গত বছর ছিল ৪৫-৪৮ টাকা। এ ছাড়া খাসির লবণযুক্ত চামড়া ২০-২৫ টাকা এবং বকরির চামড়া ১৮-২০ টাকা নির্ধারণ করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।