এক পণ্য নিয়ে কৃষি বিভাগে তিন রকমের রিপোর্ট -ভোক্তার ডিজি
জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক (ডিজি) আলীম আখতার খান বলেছেন, “একই পণ্য নিয়ে কৃষি মন্ত্রণালয়ের আলাদা আলাদা বিভাগ আলাদা রকমের রিপোর্ট দেওয়ার কারণে দেশীয় উৎপাদনের সঠিক হিসাব পাওয়া যায় না। তখন আমদানিও ঠিকমত হয় না। এর ফলে বাজারে পণ্যের সংকট হয় এবং দাম বেড়ে যায়।”
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সম্মেলনের আয়োজন করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহী বিভাগ।
আলীম আখতার খান বলেন, “খাদ্যের ক্রাইসিস হয় তখন, যখন ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভারসাম্য থাকে না। আলু নিয়ে দেখেছি কৃষির তিনটা বিভাগ তিন রকমের তথ্য দিয়েছে। মিনিস্ট্রিতে একটা আলাপে দেখেছি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে রিপোর্ট দিয়েছে সেটার সঙ্গে কৃষি বিপণনের তথ্যের মিল নেই। এই দুটি অধিদপ্তরের সঙ্গে কৃষি গবেষণা কাউন্সিলের তথ্যের মিল নেই। এটা দিয়েছে ঢাকার এসবি অফিস। এটা যদি হয়, আমরা বিপদে আছি।”
রাজশাহীর জেলা প্রশাসককে তিনি বলেন, “ডিসি সাহেবকে বলব, আপনার জেলায় কৃষি বিভাগকে বলেন, ‘আমি একটা রিপোর্ট চাই। সেটার ওপর আমরা রাজশাহী বিশ্বাস করব, অন্য রিপোর্ট চাই না।’ কৃষি মন্ত্রণালয়কে বলা হয়েছে, আপনারা একটা অভিন্ন রিপোর্ট দেন যাতে করে আমরা এলসি খুলতে পারি। এই তথ্যের ওপর ভিত্তি করেই আমদানি হবে।”
তিনি বলেন, “একটা পণ্য বিদেশ, ইউরোপ-আমেরিকা থেকে আনতে গড়ে দুই-তিনমাস সময় লাগে। তাহলে আমরা চার-পাঁচ মাস আগে জানতে পারলে আমদানি করতে পারব। ক্রাইসিস মেমোন্টে জানলে ক্রাইসিস দূর হবে না। আমরা বর্তমানে সেই অবস্থায় পড়েছি।”
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।