ইসরায়েলের অস্ত্রশিল্পের নতুন কেন্দ্র মরক্কো, আব্রাহাম চুক্তির আড়ালে বাড়ছে সামরিক সহযোগিতা
মরক্কোর মারাকেশ এয়ার শোতে গত মাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্যাভিলিয়ন খুলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) ও রাফায়েলসহ আটটি প্রতিষ্ঠান ড্রোন, লয়টারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রদর্শন করে। একই সময়ে ইলবিটের মরক্কো-ভিত্তিক যৌথ উদ্যোগ ঘোষণা দেয়, ২০২৭ সালের মার্চ থেকে মরক্কোর সেনাবাহিনীকে সামরিক যানবাহনের জন্য টারেট সরবরাহ করা হবে। এয়ার শোতে মরক্কোর ড্রোনে অস্ত্র সংযোজনের জন্য চুক্তি করে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এজ। সম্প্রতি মিডলইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
মিডলইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবরের হামলার বার্ষিকী উপলক্ষে রাবাতে পার্লামেন্টের বাইরে আয়োজিত এক স্মরণসভায় বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। মরক্কোর প্রায় ৩০টি শহরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচি থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও স্বাভাবিক করার লক্ষ্যে সরকারের নেওয়া নতুন পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানানো হয়। মারাকেশ এয়ার শো বয়কটেরও আহ্বান জানায় বিডিএস মরক্কো।
২০২০ সালে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার পর মরক্কো ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার পর্যায় পেরিয়ে এখন সেগুলো নিজের ভূখণ্ডে উৎপাদনের দিকে এগোচ্ছে। গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বয়কট ও নিষেধাজ্ঞার চাপ বাড়লেও দুই দেশের সামরিক অংশীদারত্ব আরও জোরদার হয়েছে।
ইউরোপে স্পেন ১২০ কোটি ইউরোর ইসরায়েলি সামরিক চুক্তি বাতিল করেছে। ফ্রান্স ইসরায়েলকে ইউরোস্যাটরি প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে দেয়নি।
অন্যদিকে, ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েল ও আমিরাতের প্রতিরক্ষা শিল্পের দুর্বলতাও সামনে এসেছে। ইরান দাবি করেছে, তারা রাফায়েল ও আইএআইয়ের স্থাপনার পাশাপাশি একটি ড্রোন সরবরাহকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। এ ছাড়া আবুধাবিতে এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়ামের কারখানাও উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়ে।
এমন পরিস্থিতিতে মরক্কো আব্রাহাম চুক্তির অংশীদারদের জন্য একটি নিরাপদ সামরিক শিল্পকেন্দ্র হয়ে উঠছে। ক্ষেপণাস্ত্র হামলা ও নিষেধাজ্ঞার ঝুঁকি এড়িয়ে সেখানে উৎপাদন কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছে ইসরায়েল। উৎপাদন, গোয়েন্দা তথ্য বিনিময়, প্রশিক্ষণ, অস্ত্র পরীক্ষা, পণ্য পরিবহন এবং গাজায় নিরাপত্তা কার্যক্রম—বিভিন্ন ক্ষেত্রেই এখন দুই দেশের সমন্বয় রয়েছে।
বদলে যাচ্ছে সামরিক সম্পর্ক
গাজায় যুদ্ধ শুরুর পর মরক্কো ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক কিছু সময়ের জন্য স্থবির হয়ে পড়ে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের যোগাযোগ কার্যালয়ের কর্মকর্তারা রাবাত ছেড়ে চলে যান। ২০২৪ সালের আগস্টের আগে কার্যালয়টি আর চালু হয়নি।
এ সময়ে আব্রাহাম চুক্তিভুক্ত দেশগুলোর কাছে ইসরায়েলের অস্ত্র রপ্তানির অংশ ২০২৩ সালে কমে মাত্র ৩ শতাংশে নেমে আসে। তবে সামরিক সহযোগিতা দ্রুত আবার বাড়তে থাকে। ২০২৪ সালের জুলাইয়ে প্রায় ১০০ কোটি ডলারে ইসরায়েলের একটি গোয়েন্দা স্যাটেলাইট কেনে মরক্কো। পরের বছর ফ্রান্সের সিজার স্বচালিত হাউইটজারের পরিবর্তে ইলবিটের অ্যাটমস স্বচালিত হাউইটজার বেছে নেয় দেশটি। একই সময়ে মরক্কোর বিশেষ বাহিনী ইসরায়েলি সেনাদের সঙ্গে সুড়ঙ্গযুদ্ধের প্রশিক্ষণ নেয়।
২০২৫ সালের জুনে ইরান দাবি করে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় রাফায়েলের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাঁচ মাস পর মরক্কোর বেনস্লিমানে লয়টারিং মিউনিশন উৎপাদনের কারখানা চালু করে আইএআইয়ের সহযোগী প্রতিষ্ঠান ব্লুবার্ড।
এরপর ২০২৬ সালের জন্য যৌথ প্রতিরক্ষা পরিকল্পনা গ্রহণ করে ইসরায়েল ও মরক্কো। একই সঙ্গে ইলবিটের সঙ্গে ২৭ কোটি ৭০ লাখ ডলারের টারেট সরবরাহ চুক্তি হয়।
চলতি বছরের মার্চে ইরান রাফায়েল ও আইএআইয়ের স্থাপনায় ড্রোন হামলার ঘোষণা দেওয়ার পর দুই দেশের সহযোগিতা আরও গভীর হয়। জুন নাগাদ মরক্কোর সিদি ইয়াহিয়া কারখানায় ইলবিটের গোলাবারুদ উৎপাদন শুরু হয়েছে বলে খবর প্রকাশিত হয়।
সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার সম্মত হন, দুই দেশের যোগাযোগ কার্যালয়কে দূতাবাসে উন্নীত করা হবে। বছরের শেষ নাগাদ রাষ্ট্রদূত নিয়োগ এবং বিনিয়োগ ও করসংক্রান্ত চুক্তি স্বাক্ষরের বিষয়েও তারা একমত হন।
সামরিক সহযোগিতা শুধু গাজাকেন্দ্রিক নয়। ইসরায়েলের সঙ্গে সাইবার প্রতিরক্ষা চুক্তি করা প্রথম আব্রাহাম চুক্তিভুক্ত দেশ মরক্কো। দেশটির গোয়েন্দা সংস্থা ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যারও সংগ্রহ করেছে। অভিযোগ রয়েছে, স্পেন ও ফ্রান্সের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওপর নজরদারিতে এই সফটওয়্যার ব্যবহার করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে মরক্কোয় উৎপাদিত অস্ত্র দেশটির সেনাবাহিনীর জন্য তৈরি করা হচ্ছে। তবে উৎপাদনের একটি অংশ রাষ্ট্রীয় অনুমোদন সাপেক্ষে রপ্তানির জন্য বরাদ্দ রাখা হয়েছে। এ ধরনের লাইসেন্সের তথ্য প্রকাশে আইনগত বাধ্যবাধকতা নেই। ফলে উৎপাদিত অস্ত্রের কিছু অংশ শেষ পর্যন্ত ইসরায়েলেও পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিদি ইয়াহিয়া কারখানায় বছরে আড়াই লাখের বেশি গোলাবারুদ উৎপাদনের সক্ষমতা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ইলবিটের ক্যাটালগভুক্ত ১৫৫ মিলিমিটার ও ৩০ মিলিমিটারের গোলাও রয়েছে। ইসরায়েল ইতিমধ্যে ভারত থেকে ১৫৫ মিলিমিটারের গোলাবারুদ কিনছে এবং নিজ দেশেও কয়েক হাজার গোলা উৎপাদনের অর্ডার দিয়েছে।
পশ্চিম সাহারায় পলিসারিও ফ্রন্টের বিরুদ্ধে লড়াই ছাড়া মরক্কোর বর্তমানে সক্রিয় কোনো সামরিক ফ্রন্ট নেই। ওই সংঘাতেও প্রধানত ড্রোন ব্যবহার করা হয়। ফলে দেশটিতে এত বিপুল পরিমাণ গোলাবারুদ উৎপাদনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইলবিটের যৌথ উদ্যোগ জানিয়েছে, তারা ইউরোপের একটি নাম প্রকাশ না করা ন্যাটো সদস্যদেশে অস্ত্র রপ্তানির পরিকল্পনা করছে। অন্যদিকে, ইসরায়েল নিয়মিত তৃতীয় দেশের মাধ্যমে সামরিক সরঞ্জাম পরিবহন করে থাকে।
আফ্রিকায় সামরিক প্রযুক্তির কেন্দ্র হচ্ছে মরক্কো
শুধু মরক্কোতেই ইসরায়েল অস্ত্র উৎপাদন সরিয়ে নিচ্ছে না। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে রেথিয়ন ও রাফায়েলের যৌথ কারখানা গত মাসে ইসরায়েলের বাইরে তৈরি প্রথম সম্পূর্ণ তামির ইন্টারসেপ্টর সরবরাহ করেছে।
এদিকে জার্মানির ওসনাব্রুকে ভক্সওয়াগনের একটি কারখানাকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উৎপাদনের কেন্দ্রে রূপান্তর করতে চায় রাফায়েল। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী, সেখানে সম্পূর্ণ জার্মানিতে উৎপাদিত প্রতিরক্ষাব্যবস্থা তৈরি হবে। সার্বিয়ায় নতুন একটি ড্রোন কারখানার ৫১ শতাংশ মালিকানাও রয়েছে ইলবিটের।
গোলাবারুদ ও যন্ত্রাংশের ক্ষেত্রে ভারত ও মরক্কো গুরুত্বপূর্ণ সরবরাহকারী হয়ে উঠেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি অস্ত্র নির্মাতাদের ৯ হাজার ৬০০টি গোলার খোল, ১ হাজার আর্টিলারি গোলা, ১২২টি বিস্ফোরক ওয়ারহেড এবং ৪০ হাজারের বেশি মেশিনগানের যন্ত্রাংশ পাঠিয়েছে।
আফ্রিকায় প্রকাশ্যে ইসরায়েলি অস্ত্র উৎপাদনের কেন্দ্র হিসেবে এখন পর্যন্ত মরক্কোই একমাত্র দেশ। ফলে মহাদেশটিতে ইসরায়েলের সামরিক প্রযুক্তি শিল্পের প্রধান ঘাঁটিতে পরিণত হচ্ছে দেশটি।
কাসাব্লাঙ্কার কাছে মিডপার্ক শিল্পাঞ্চলে রয়েছে দক্ষ উড়োজাহাজ ও মহাকাশ প্রযুক্তির কর্মী বাহিনী। ইলবিটের যৌথ উদ্যোগের দাবি, তাদের কর্মীদের ৯৯ শতাংশই মরক্কোর নাগরিক। এ ছাড়া ২০২০ সালের একটি আইনের আওতায় গড়ে ওঠা প্রতিরক্ষা শিল্পাঞ্চলগুলোতে উৎপাদিত অস্ত্র রাষ্ট্রীয় লাইসেন্স নিয়ে রপ্তানি করা যায়।
ভৌগোলিক অবস্থানও মরক্কোকে ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে। ভূমধ্যসাগর পেরিয়ে অন্য কোনো দেশের ভূখণ্ড অতিক্রম না করেই মরক্কোয় পৌঁছাতে পারে ইসরায়েল। হুতিদের নিয়ন্ত্রিত ঝুঁকিপূর্ণ নৌপথ এড়িয়ে পণ্য পরিবহনের সুযোগও রয়েছে। ২০২৫ সালের মে মাসে স্বাক্ষরিত একটি সামুদ্রিক চুক্তির মাধ্যমে এই পরিবহনব্যবস্থা আনুষ্ঠানিক রূপ পায়।স উত্তর ও পশ্চিম আফ্রিকায় প্রবেশের কৌশলগত প্রবেশদ্বার হিসেবে মরক্কোকে বিবেচনা করে ইসরায়েল।
ইসরায়েলের পথ অনুসরণ করছে সংযুক্ত আরব আমিরাতও। ২০২৪ সালে মরক্কো আমিরাতের নেতৃত্বাধীন একটি শিল্প অংশীদারত্বে যোগ দেয়। এতে মিসর, জর্ডান ও বাহরাইনও রয়েছে। এ ছাড়া আমিরাতের ব্যবহৃত ৩০টি মিরাজ যুদ্ধবিমান পাওয়ার কথা রয়েছে মরক্কোর।
অন্যদিকে, আব্রাহাম চুক্তির রাজনৈতিক অগ্রগতি থমকে আছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এক বছর ধরে কোনো ইসরায়েলি রাজনীতিক মরক্কো সফর করেননি। চুক্তির অর্থনৈতিক ভিত্তি তৈরির উদ্দেশ্যে নেওয়া ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরও ইসরায়েল অংশে এসে কার্যত থমকে গেছে।
এ পরিস্থিতিতে সামরিক ও শিল্প সহযোগিতা টিকে থাকলেও কূটনীতি ও বাণিজ্যিক যোগাযোগে আব্রাহাম চুক্তির অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ছাতার নিচে মরক্কো
ইসরায়েলের সঙ্গে মরক্কোর সামরিক সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি পেন্টাগনে স্বাক্ষরিত ২০২৬ থেকে ২০৩৬ সাল পর্যন্ত একটি রোডম্যাপের আওতায় ন্যাটো সদস্যদেশগুলোর মতো একই ধরনের অস্ত্র কেনার সুযোগ পাচ্ছে মরক্কো।
ওয়াশিংটন ইতিমধ্যে মরক্কোর কাছে হিমার্স ক্ষেপণাস্ত্রব্যবস্থা, ৬০০টি স্টিংগার ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল লক্ষ্যভেদী বোমা বিক্রির অনুমোদন দিয়েছে।
এদিকে মরক্কোর প্রথম এফ-১৬ ব্লক ৭২ যুদ্ধবিমান গত মাসে উড্ডয়ন করেছে। দেশটির এফ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার পথেও ইসরায়েলের সম্মতি গুরুত্বপূর্ণ বিষয়।
মরক্কোয় পরীক্ষামূলক সামরিক কার্যক্রমের জন্য একটি রেঞ্জও চালু করেছে মার্কিন সেনাবাহিনী। প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান কভেন্যান্ট গত আগস্টে সেখানে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।
চলতি বছরের শুরুর দিকে স্পেনের সঙ্গে সেউতা সীমান্ত সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরক্কোর পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং দেশটিতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস দেন।
পশ্চিম সাহারার ওপর মরক্কোর সার্বভৌমত্বকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—উভয় দেশই স্বীকৃতি দিয়েছে। গত বছর জাতিসংঘের নিরাপত্তা পরিষদও অঞ্চলটির ওপর মরক্কোর দাবির পক্ষে অবস্থান নেয়।
একই সময়ে ট্রাম্পের প্রস্তাবিত গাজার ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য মরক্কোর আগ্রহ নতুন বিতর্ক তৈরি করেছে। সমালোচকদের মতে, এখানে এক ধরনের ‘শান্তির বিনিময়ে অস্ত্র’ সমীকরণ তৈরি হয়েছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র পরিচালিত বাহিনীতে রাজনৈতিক সমর্থন ও সেনা পাঠানোর বিনিময়ে মার্কিন অস্ত্র ও সহযোগিতা পাচ্ছে মরক্কো।
গাজায় মোতায়েনের সম্ভাব্য প্রস্তুতি হিসেবে ইতিমধ্যে মরক্কোর সর্বোচ্চ ৫০০ সেনাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ গাজায় গণহত্যায় সহযোগিতার অভিযোগে ৬৩টি রাষ্ট্রের তালিকায় মরক্কোর নাম উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, দেশটি নিজেদের বন্দর ও বিমানবন্দর দিয়ে ইসরায়েলের জন্য সামরিক সরঞ্জাম পরিবহনের সুযোগ দিয়েছে।
২০২৫ সালের এপ্রিলে শ্রমিক সংগঠনগুলোর দাবি ছিল, এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ বহনকারী কয়েকটি জাহাজ তানজিয়ার ও কাসাব্লাঙ্কা বন্দরে ভিড়েছিল।
এদিকে মরক্কোর অর্থে ইলবিট ও আইএআইয়ের ব্যবসা চলেছে। এখন ইলবিটের যৌথ উদ্যোগে মরক্কোর প্রকৌশলীরা কাজ করছেন। ফলে দুই দেশের সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হচ্ছে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে মরক্কোয় বাড়ছে অসন্তোষ
দুই দেশের সরকারিভাবে সম্পর্ক উন্নত হলেও মরক্কোর সাধারণ মানুষের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সমর্থন কমেছে। ২০২৩ সালের অক্টোবরের পর এই সমর্থন ৩১ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে নেমেছে।
ইসরায়েলের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে মরক্কোয় কয়েকজন অধিকারকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। দেশটির জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নীত করে দূতাবাস স্থাপনের বিরোধিতা করছে।
আব্রাহাম চুক্তির ফলে মরক্কোর অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে। ২০২৫ সালে হাসপাতাল ও শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে ক্ষোভ থেকে দেশটির তরুণরা রাস্তায় নেমেছিল। এর সঙ্গে ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক নিয়ে অসন্তোষ যুক্ত হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ও অস্ত্র নিষেধাজ্ঞার প্রভাব মরক্কোর ওপরও পড়তে পারে। দেশটির কারখানাগুলোতে ইলবিট ও আইএআইয়ের প্রযুক্তি ব্যবহার করে অস্ত্র উৎপাদন হওয়ায় ইউরোপীয় সরকারগুলো যদি বিদেশে তৈরি ইসরায়েলি অস্ত্রের ওপরও নিয়ন্ত্রণ আরোপ করে, তাহলে মরক্কো ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিশেষ করে মরক্কোর সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন হওয়ায় এ ধরনের নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন
সব ›
উৎপাদন ও সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমাবে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা: গভর্নর
পোল্যান্ডে আঘাত হানল রাশিয়ার ক্ষেপণাস্ত্র
পোল্যান্ডের ভূখণ্ডে আঘাত হেনেছে রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় ভোরে তাদের আকাশসীমা…
‘নতুন ভৌগোলিক অঞ্চলে’ ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত ইরান: আইআরজিসি
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যবহারে আর কোনও সীমাবদ্ধতা নেই। প্রয়োজনে ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র ব্যব…
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন-ভাঙচুর
স্থানীয় সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সংগঠক নাজমুল শিহাবের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। …
নভেম্বরে স্বর্ণের দাম কমলো ২৮ হাজার ৫১৮ টাকা, ভরি কত
শুক্রবার ভরিতে একলাফে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়…
রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার…
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪ হাজার ৮০০ কোটি ডলার। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর…
আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি
রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার খড়খড়ি এলাকায় এ ঘটনা ঘ…
ঢাকায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৭৪
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।