আ’লীগ করলেই অন্য কোনো সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির সাবেক বা বর্তমান নেতাকর্মীদের সবার সভা-সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করা হলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
লন্ডন থেকে দেশে ফিরে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের নিজ নির্বাচনী এলাকায় সভা করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কি না, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচারাধীন। এর আগ পর্যন্ত ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীর মাধ্যমে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা দলটির ব্যানারে কোনো সভা-সমাবেশ বা মিছিল করতে পারবেন না। এ বিষয়টি স্পষ্ট। তবে ব্যক্তিগতভাবে কারও সভা-সমাবেশ করার ক্ষেত্রে ফৌজদারি মামলার অবস্থা, কারাগারে থাকা কিংবা জামিনে থাকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।’
জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের কোনো ব্যক্তি যিনি আওয়ামী লীগ করেছেন, দলে ছিলেন, তার নামে যদি কোনো ফৌজদারি অপরাধ না থাকে, তিনি যদি জেলে না গিয়ে থাকেন অথবা তিনি যদি জামিনে থাকেন, তিনি অন্য কোনো ধরনের সভা বা সমাবেশ করতে পারবেন না, তা কিন্তু না।’
ওই সভায় আওয়ামী লীগের ব্যানার ও প্যান্ডেল ছিল বলে সাংবাদিকরা জানালে জাহেদ উর রহমান বলেন, ‘এটা যদি হয়, এটা অবশ্যই আইন ভঙ্গ হয়েছে এবং আমি নিশ্চিত করছি এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।