আহতদের আহাজারি: ‘তখন তো আন্দোলন হচ্ছিল না, তাহলে আমারে গুলি করল ক্যান?’
১০ বছর বয়সী শিশু কাউছার। পিতা-মাতাহীন শিশুটি তার ফুফুর সঙ্গে বসবাস করে উত্তরা আবদুল্লাহপুর এলাকার একটি ভাড়া বাড়িতে। গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের ছোড়া গুলিতে গুরুতরভাবে আহত হয় সে। বুলেট তার শরীর এফোঁড়ওফোঁড় করে বেরিয়ে যায়। বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন কাউছার।
শরীরের যন্ত্রণায় মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। তারপরও বারবার একটি প্রশ্নই করে যাচ্ছিল কাউছার-‘তখন তো আন্দোলন হচ্ছিল না, তাহলে আমাকে গুলি করল ক্যান?’
কোটা সংস্কার ঘিরে গত ১৮ জুলাই থেকে পুলিশের গুলিতে নিহত এবং আহত হন অসংখ্য মানুষ। এর মধ্যে বাদ যায়নি শিশুরাও। সরাসরি গুলিতে মারা গেছে অন্তত ৮ শিশু। এছাড়া গুরুতর আহত হয়েছে অনেকে।
কাউছার বলে, ‘ওইদিনের আন্দোলন শেষ হলে আমি আর কয়েকজন বন্ধু মিলে রাস্তায় বের হয়েছিলাম। তখন কোনো আন্দোলন হচ্ছিল না, তাই আমরা বাসার গলিতে খেলছিলাম। হঠাৎ পুলিশ এসে গুলি করে। তারপর আর কিছু মনে নাই।’
স্বজনরা জানান, তারপরই তাকে নিয়ে আসা হয় সোহরাওয়ার্দী হাসপাতালে। সার্জারি শেষে আপাতত ডাক্তারের পর্যবেক্ষণে আছে কাউছার।
কাউছারের ফুফু বলেন, কাউছার আমাদের সঙ্গে থাকে। সেদিন গ-গোলের পর কয়েকজন বন্ধুসহ ও বাসার বাইরে যায়। আমরা তো ভাবিনি যে গলিতে এসে পুলিশ গুলি করবে। বাচ্চাগুলার ওপর পুলিশ কী ভেবে গুলি করল, এর কোনো জবাব নেই।
কাউছারের পাশের বেডেই শুয়ে ছিলেন কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী রাজিব (ছদ্মনাম)। মিরপুর বাংলা স্কুলের এ শিক্ষার্থীর দুই পায়ে গুলি লেগেছে। আঘাত এতটাই গুরুতর যে পা সেরে উঠতে অন্তত ১ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
রাজীবের খালাতো ভাই সেন্ট জোসেফের শিক্ষার্থী বলেন, পুলিশ এমনভাবে গুলি করেছে যে তার পায়ের রানের একটা অংশের কিছুেই নেই। সামনে তার এসএসসি পরীক্ষা ছিল। তার বর্তমান যে অবস্থা, সেখান থেকে সুস্থ হতে অন্তত এক বছর সময় লাগবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।