‘আর ১৫ মিনিট আগুন জ্বললেই অনেকে মারা যেতো’
নিজস্ব সংবাদদাতা:
২টি পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সেখানে অবস্থানরত সাংবাদিকদের অনেকেই মারা যেতে পারতো বলে আশঙ্কা প্রকাশ করেছেন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব-এর সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, আর ১৫ মিনিট আগুন জ্বললেই ধোঁয়ায়, অক্সিজেনের অভাবে অনেকে মারা যেতে পারতেন। হামলার আগে সরকারের কাছে সুরক্ষা চেয়েও পাননি দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর একটি হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শিরোনামে যৌথ প্রতিবাদ সভার আয়োজন করেছে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নোয়াব ও সম্পাদক পরিষদ।
তিনি বলেন, ওই ভবনে থাকা এক সাংবাদিক জানিয়েছেন, সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী ছিল। তাদের সামনে দিয়েই লুটপাট চলেছে। তাদের সামনে দিয়ে মাথায় চেয়ার নিয়ে চলে যাচ্ছে, কম্পিউটার মাথায় নিয়ে চলে গেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী কোনো বাহিনীর কেউ কোনো প্রতিবাদ করছে না। মাহফুজ ভাইকে যখন জিজ্ঞেস করলাম, কতজন সাংবাদিক ভেতরে আটকা পড়েছে, উনি বললেন ২৮/২৯ জন। আর ১৫ মিনিট আগুন জ্বললেই ধোঁয়ায়, অক্সিজেনের অভাবে অনেকে মারা যেতে পারত।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।