২০২০ সালের সেপ্টেম্বর মাস,
নগরনো-কারাবাখের নিয়ন্ত্রণ ফিরে পেতে বৈরী প্রতিবেশী আর্মেনিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে আজারবাইজান। এ যুদ্ধে অত্যাধুনিক যুদ্ধবিমান না থাকা আজারবাইজানের মূল হাতিয়ারই ছিল তুরস্ক থেকে কেনা অত্যাধুনিক সব ড্রোন; যার সাহায্যে আর্মেনিয়ার আকাশ-প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধবংস করে দিয়ে আকাশপথে একচ্ছত্র নিয়ন্ত্রণ নেয় দেশটি। আজেরি ড্রোনের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও বোমায় বিদ্ধস্ত হয় আর্মেনিয় সেনাবাহিনীর অসংখ্য সাঁজোয়া যান, ট্যাঙ্ক ও গোলন্দাজ ইউনিট।
তাছাড়া, ড্রোন শুধু আঘাতই হানে না, নজরদারির মাধ্যমে দেয় শত্রুর অবস্থান ও গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য। এসব কিছুই কারাবাখ যুদ্ধে আজারবাইজানের জয় ছিনিয়ে আনে। যুদ্ধে ড্রোনের ব্যবহার নতুন কিছু না হলেও, এই যুদ্ধের ফলাফল সামরিক পর্যবেক্ষকদের বিস্মিত করেছিল। সবচেয়ে খ্যাতি পায় তুরস্কের তৈরি বাইরাক্তার টিবি-২ এর মতো ড্রোনগুলো। বলাই বাহুল্য, কারাবাখের পর ব্যয়বহুল যুদ্ধবিমানে সহসাই কিনতে পারবে না বিশ্বের এমন অনেক দেশ ড্রোনটি কেনার আগ্রহ দেখাচ্ছে। ক্রয় চুক্তির প্রস্তাবে ভাসছে আঙ্কারা।
উড়ন্ত ড্রোনকে সামরিক পরিভাষায় বলা হয়, আনক্রিউড/আনম্যানড এরিয়াল ভিহাইকেল বা ইউএভি। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ, স্যাটেলাইট সংযোগ আর দূর-নিয়ন্ত্রণ প্রযুক্তির উৎকর্ষে ইউএভি হয়ে উঠছে রণাঙ্গনের গেমচেঞ্জার। এজন্য ড্রোন ব্যবহারের সুবিধাগুলোর দিকেও আলোকপাত করা প্রয়োজন।
যেমন- একজন পাইলট বা বিমানচালককে প্রশিক্ষণ দিতে ব্যয় হয় হাজারো ফ্লাইট আওয়ার, বা উড্ডয়ন ঘণ্টা। শুধু তাই নয়, দরকার উন্নত ও খরচসাধ্য যুদ্ধবিমান ক্রয়ের। সেই প্রয়োজন আজো ফুরায়নি, অচিরেই ফুরাবে এমনও নয়- তবে ধীরে ধীরে ইউএভি ড্রোন সে জায়গা দখল করে নেওয়ার সক্ষমতা প্রমাণ করছে।
ইরানের শাহেদ সিরিজের ‘কামিকাজে’ ড্রোন এখন যুদ্ধক্ষেত্রে এক ভয়ংকর আতঙ্ক হয়ে উঠেছে। এর রয়েছে জ্বালানিসাশ্রয়ী ইঞ্জিন, রাডার এড়িয়ে যাওয়ার সক্ষমতা এবং ৪০ থেকে ৫০ কেজি বিস্ফোরক বহনের ক্ষমতা। মাত্র ২০ হাজার থেকে ৫০ হাজার মার্কিন ডলার খরচে একেকটি শাহেদ ড্রোন তৈরি করা যায়।
বিপুল পরিমাণে উৎপাদন করা সম্ভব বলে এসব ড্রোন দিয়ে যেকোনো দেশের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে সহজেই দিশেহারা করে দেওয়া সম্ভব।
শাহেদ-১৩১ ও ১৩৬ সিরিজের এসব ড্রোন মূলত সাধারণ মানের ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরান এগুলোকেই প্রতিরোধের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। শত শত মাইল পথ পাড়ি দিয়ে ড্রোনগুলো সামরিক ঘাঁটি, তেল শোধনাগার ও বেসামরিক স্থাপনায় নিখুঁতভাবে আঘাত হানছে।
হাইপারসনিক গতি বা অত্যাধুনিক স্টিলথ প্রযুক্তির নয়, বরং এ ড্রোনের মূল শক্তি হলো এর বিপুল সংখ্যা। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়টের মতো উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ব্যস্ত রাখতে ইরান শত শত ড্রোনের ‘ঢেউ’ পাঠায়।
সংক্ষেপে বললে, ইরানের কৌশল হলো এই ‘উড়ন্ত ক্ষেপণাস্ত্র’ দিয়ে প্রথমে প্রতিপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে অকেজো করে দেওয়া। এরপর বড় ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো, যেন এগুলো অনায়াসেই লক্ষ্যভেদে সফল হয়।
নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরান এ পর্যন্ত দুই হাজারের বেশি ড্রোন ছুড়েছে। তবে মার্কিন প্রযুক্তির প্যাট্রিয়ট বা থাড ব্যবস্থার কার্যকারিতাও উল্লেখ করার মতো। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এসব ড্রোনের ৯০ শতাংশের বেশি রুখে দিতে পেরেছে। অন্য কিছু দেশ এই সাফল্যের হার ৯৬ শতাংশ পর্যন্ত বলে দাবি করেছে।
আশ্চরে্যর বিষয় হলো এসব ড্রোনের বেশির ভাগ ভূপাতিত করা হলেও ইরানের জন্য তা একধরনের জয়। কারণ, মাত্র ২০ হাজার ডলারের একটি ড্রোন ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে প্রায় ৪০ লাখ (৪ মিলিয়ন) ডলার মূল্যের শক্তিশালী রকেট খরচ করতে হয়।
(ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।