আত্মপ্রকাশ করল ‘ব্রিগেড ৭১’, জামায়াতের বিচার দাবি
সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে জামাতকে নিষিদ্ধ করে যুদ্ধাপরাধী দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ‘ব্রিগেড ৭১’। পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিভিন্ন পদে ‘ঘাপটি মেরে থাকা’ জামাতের মদদপুষ্ট কর্মকর্তাদের খুঁজে বের করে যথাযথ পদক্ষেপ নেওয়া এবং অবিলম্বে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে সব বিতর্কিত ব্যক্তির কবর অপসারণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এদিন সংগঠনটি আত্মপ্রকাশ করে। একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের পেশাজীবীদের সমন্বয়ে এই সংগঠনটি গঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে দাবি সম্বলিত লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী। যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের নিষিদ্ধ না হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বেদনা আমাদের মধ্যে আছে বলেই আজ আমরা একত্রিত হয়েছি এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি। এবার আমরা স্বাধীনতার স্বপক্ষের সব রাজনৈতিক দলের কাছে আমাদের দাবির কথা জানিয়ে দেব। পাশাপাশি সারা দেশে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে সফর করব।
তিনি আরও বলেন, বাংলাদেশ এক ক্রান্তিকাল পার করছে। একাত্তরের পরাজিতরা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের খুনিরা ঘাপটি মেরে বসে আছে সমাজের বিভিন্ন স্তরে। গোপনে সংগঠিত হচ্ছে মানবতাবিরোধীদের বিচারের প্রতিশোধ নিতে। আমরা আশঙ্কা করছি, সুযোগ পেলে ২০০১ সালের নির্বাচন পরবর্তী ধর্ষণ, অগ্নিসংযোগ, হত্যার মতো নৃশংসতা বহুগুণ বাড়িয়ে দেবে তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।