আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ নেই -দুদু
জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
২০২৩ সালেই বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ নেই। কারণ শেখ হাসিনাকে জনগণ আর বিশ্বাস করে না।
সারা দেশে ভয়াবহ লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল জুমুয়াবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, খালেদা জিয়া যখন ১৬ টাকা দরে জনগণকে চাল দিয়েছেন, তখন এ সরকার বলেছিল ১০ টাকা দরে চাল খাওয়াবে। ঘরে ঘরে চাকরি দেবে, কৃষকদের ফ্রি সার দেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, জনগণ আজ ৮০ টাকা দরে চাল কেনে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে এ সরকার সীমাহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে এবারের আন্দোলন হবে চোর তাড়ানোর আন্দোলন, জঞ্জাল মুক্ত করার আন্দোলন, গণতন্ত্র হত্যাকারীদের তাড়ানোর আন্দোলন।
তিনি বলেন, সরকারের দুঃশাসনে মানুষ এখন অতিষ্ঠ। মধ্যবিত্তদের জন্য শ্বাসরুদ্ধকর একটি পরিস্থিতি। লুটপাট, সীমাহীন দুর্নীতি, কালোবাজারি এখন নিয়মিত ঘটনা। এমন কোনো জিনিস নেই, যেটা সাধারণ মানুষের আয়ত্তে আছে। বিশ্বের চোখে আমরা এখন এক অভাবী দেশ।
বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়ছে। ইচ্ছামতো তারা চার্জ কাটছে, কিছুই বলা যাচ্ছে না। গ্রামের অনেক জায়গায় ১৬ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। তাহলে এ ব্যর্থ সরকারের থাকার দরকার কী? শুধু নির্বাচনের জন্য নয়, তাদের ব্যর্থতার জন্যও এ সরকারের থাকার যৌক্তিকতা নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।