অ্যান্ড্রয়েড, পিক্সেল বিভাগের শত শত কর্মী ছাঁটাই করছে গুগল
অ্যান্ড্রয়েড সফটওয়্যার, পিক্সেল ফোন ও ক্রোম ব্রাউজারে কাজ করে এমন শত শত কর্মীকে ছাঁটাই করেছে অ্যালফাবেটের গুগল।
গত বৃহস্পতিবার এই ছাঁটাই কার্যক্রম চালিয়েছে মার্কিন সার্চ জায়ান্টটি। এ পরিস্থিতি সম্পর্কে জানেন এমন এক ব্যক্তির বরাত দিয়ে গত জুমুয়াবার এ খবর প্রতিবেদনে লিখেছে আমেরিকান মিডিয়া কোম্পানি ইনফরমেশন।
জানুয়ারিতে উল্লিখিত ইউনিটগুলোর কর্মীদের কাছ থেকে শেয়ার পুনঃক্রয়ের প্রস্তাব দেওয়ার পর এ কর্মী ছাঁটাই হলো বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
ফেব্রুয়ারিতে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছিলো, নিজেদের ক্লাউড বিভাগে কর্মী ছাঁটাই করেছে গুগল। আর এ ছাঁটাইয়ের ফলে প্লাটফর্মটির কেবল কয়েকটি দলের ওপর এর প্রভাব পড়েছে।
এর আগে, ২০২৩ সালের জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছিল অ্যালফাবেট, যা ছিল সে সময়ে তাদের বৈশ্বিক কর্মী সংখ্যার ৬ শতাংশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।