অর্ধশতাধিক বছর পর বন্ধ হচ্ছে অস্ট্রেলিয়ার বারবিকিউ চেইন
আল ইহসান ডেস্ক:
অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হয়ে প্রায় পাঁচ দশকের পুরোনো অস্ট্রেলীয় খুচরা বিক্রেতা বারবিকিউ গ্যালোর ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির প্রায় ৫০০ কর্মী চাকরি হারাচ্ছে।
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত বারবিকিউ গ্যালোর বারবিকিউ সরঞ্জাম ও আউটডোর আসবাবপত্র বিক্রির জন্য অস্ট্রেলিয়াজুড়ে পরিচিত ছিলো। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি স্বেচ্ছা প্রশাসনের আওতায় যায় এবং ব্যবসা টিকিয়ে রাখতে উদ্ধার পরিকল্পনা নিয়ে কাজ চলছিলো।
তবে চলতি সপ্তাহে কোম্পানি জানিয়েছে, পুনরুদ্ধারের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ফলে আগামী সপ্তাহ থেকে কোম্পানির মালিকানাধীন ৬২টি স্টোর ধাপে ধাপে বন্ধ করা হবে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি মালিকানাধীন ২৭টি স্টোরের জন্যও বিশেষ রূপান্তর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ব্যবসা টিকিয়ে রাখতে বাড়িওয়ালা ও সরবরাহকারীদের সঙ্গে নতুন বাণিজ্যিক শর্তে সমঝোতার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক আলোচনায় কোনো কার্যকর সমাধান না আসায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৬ জুন থেকে কোম্পানির সম্পদ বিক্রির প্রক্রিয়া শুরু হবে।
উজ্জ্বল লাল লোগোর জন্য পরিচিত এই ব্র্যান্ডের পতনকে অস্ট্রেলিয়ার খুচরা বাজারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছে বিশ্লেষকরা।
উচ্চ জীবনযাত্রার ব্যয়, ভোক্তা ব্যয় কমে যাওয়া এবং খুচরা বাজারের প্রতিযোগিতা বৃদ্ধির কারণে অস্ট্রেলিয়ার অনেক ঐতিহ্যবাহী ব্যবসা এখন কঠিন সময় পার করছে। সূত্র: বিবিসি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।