অভিযোগের মাত্র সাড়ে ৫ শতাংশ অনুসন্ধান
প্রতি বছরই কাজের মূল্যায়ন করতে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিদায়ি ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরের অনুসন্ধান তদন্তের ওপর ভিত্তি করে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করেছে সংস্থাটি। তবে আনুষ্ঠানিকভাবে তা এখনও প্রকাশ করেনি।
বার্ষিক প্রতিবেদনের তথ্য মতে, গত এক বছর দুদকে ১৫ হাজার ৪৩৭টি অভিযোগ জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে ৮৪৫টি অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করেছে সংস্থাটি, যা মোট অভিযোগের মাত্র ৫.৪৭ শতাংশ। একই বছরে কমিশনে আসা প্রাপ্ত অভিযোগের ৯৪.৫৩ শতাংশ অনুসন্ধানের জন্য আমলেই নিতে পারেনি দুদক।
২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত গত পাঁচ বছরে দুদকে জমা অভিযোগ ও অনুসন্ধানের পরিসংখ্যান বলছে, এই অর্ধযুগে দ্বিতীয় সর্বনিম্ন অভিযোগ জমা পড়েছে ২০২৩ সালে। এই পাঁচ বছরের মধ্যে করোনা অভিঘাতের পর সবচেয়ে কম অভিযোগ জমা পড়েছিল ২০২১ সালে। সে বছর ১৪ হাজার ৭৮৯টি অভিযোগ জমা পড়ে।
দুদক সংশ্লিষ্টরা অনুসন্ধানের জন্য কম অভিযোগ গ্রহণ করার কারণ হিসেবে বলছেন, বেশিরভাগ অভিযোগ দুদকের তফসিলভুক্ত না হওয়া সংস্থাটির পক্ষ থেকে এসব অভিযোগ অনুসন্ধানের জন্য গ্রহণ করতে পারছে না। এ ছাড়া অভিযোগের একটি বড় অংশ ভিত্তিহীন ও ব্যক্তিগত শত্রুতা থেকে আসায় তা আমলে নিতে পারছে না সংস্থাটি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।