অবরোধে রাজধানীতে গণপরিবহণ কম, ভোগান্তি যাত্রীদের
দ্বিতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি চলছে, যার আজ দ্বিতীয় দিন। তবে, এ অবরোধ কর্মসূচির দিনেও রাজধানীর সড়কে সকাল থেকে গণপরিবহণ চলাচল করতে দেখা গেছে। চলাচল করছে রিকশা ও সিএনজি অটোরিকশাসহ ব্যক্তিগত গাড়িও। সাধারণ দিনের তুলনায় সব পরিবহণই ছিল সংখ্যায় অনেকটা কম। সেজন্য, কর্মদিবস হওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে চাকরিজীবীদের। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এ দৃশ্য দেখা যায়।
রাজধানীর কারওয়ান বাজার থেকে শাহবাগ, ফার্মগেট, প্রেসক্লাব এবং পুরানো পল্টন মোড় পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, বাসসহ সিএনজি অটোরিকশা ও রিকশা চলছে। তবে, তা অন্যান্য দিনের চেয়ে অনেকটা কম। মূল সড়কের বাইরে অলি-গলিতেও দেখা গেছে, সিএনজি অটোরিকশা-রিকশার আধিপত্য।
এদিকে রাজধানীর কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিট ও কালভার্ট রোডে মানুষজন চলাচল করতে দেখা গেছে। রয়েছে রিকশা ও সিএনজি অটোরিকশার আধিপত্য। ফরিদুর রহমান নামের এক রিকশাচালক বলেন, ‘আমি পেট চালানোর দল করি। রাস্তায় না নামলে খামু কী?’
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর থানার বসবাসকারী ফজলুল হক। তিনি সকাল সাড়ে ছয়টার দিকে ভিক্টোরিয়া পার্ক থেকে কোনো বাস পাননি। পরে গুলিস্তান পর্যন্ত রিকশায় চড়ে তারপর বিহঙ্গ নামের একটি বাসে তিনি কারওয়ান বাজার পৌঁছান। ফজলুল হক বলেন, ‘সকালে বাস ছিল না। তাই ভোগান্তি একটু বেশি ছিল। পরে আস্তে-ধীরে বাস চলাচল শুরু করেছে।’
সকালের দিকে রাস্তায় যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গণপরিবহণ চলাচল বাড়তে থাকে। তাতে কর্মজীবী মানুষের চলাচলে অনেকটা স্বাচ্ছন্দ্য ফিরে আসতে শুরু করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।