৭ তারিখ নির্বাচনের মাধ্যমে সংবিধানকে টুকরো টুকরো করেছে আ.লীগ -জয়নুল
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনারা (আওয়ামী লীগ) যে সংবিধানের দোহাই দেন সেই সংবিধানকে টুকরো টুকরো করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের জন্য ১৭৪ দিন হরতাল করেছেন। সেই তত্ত্বাবধায়ক সরকারকে ‘জবাই’ দিয়েছেন আপনারা। ৭ তারিখের নির্বাচনে সংবিধানকে আরেকবার টুকরো টুকরো করেছেন।
তিনি বলেন, বাংলাদেশে এমপি এখন ৬০০ জন। ২৯ তারিখ পর্যন্ত আগের সংসদ বহাল থাকবে। সেই সংসদ সদস্যরা এখনো বহাল। আবার নতুন এমপিদের শপথ করালেন। কোন আইনে কোন সংবিধানে এদের শপথ করালেন? সংবিধান আপনারা মানেন না, সংবিধানের কথা বলে বাংলাদেশের মানুষকে আর অপমান করেন না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, বাংলাদেশের রাজনীতির আকাশে খুব দ্রোহ অবস্থা বিরাজ করছে। কিছুদিন আগে এদেশে অগ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। যে নির্বাচনে জনগণের উপস্থিতি শূন্যতায় ছিল। অনেকেই বলে আমাদের আন্দোলন সফল হয়নি। আমাদের আন্দোলন সফল হয়েছে, দেশের জনগণের আন্দোলন সফল হয়েছে। আমরা হরতাল অবরোধে ডাক দিয়েছিলাম, কিন্তু আওয়ামী লীগ বাস পুড়িয়ে রেললাইন উপড়ে ফেলেছে। রেলে আগুন ধরিয়ে আমাদের ওপর দোষ চাপিয়েছে এবং নেতাকর্মীদের গ্রেপ্তার করে ৭ তারিখের নির্বাচন করেছে। সেই নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে যায়নি, তারা সেই নির্বাচন গ্রহণ করেনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।