৬০ জন শিয়া নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগসাজশ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনে ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আরও পাঁচজনকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ৬০ জন শিয়া ধর্মীয় নেতা। সোমবার (১৬ নভেম্বর) দেশটির সরকারি আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাহরাইন সুন্নি মুসলিম রাজপরিবারের শাসনাধীন। দেশটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরও রয়েছে। দীর্ঘদিন ধরেই ইরানের প্রভাব বিস্তার নিয়ে উদ্বেগে রয়েছে বাহরাইন।
চলতি বছর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর বাহরাইনে হামলা চালাতে শুরু করে ইরান। এর জেরে তেহরানের বিরুদ্ধে দেশে অস্থিরতা উসকে দেয়ার অভিযোগ তোলে বাহরাইন। পাশাপাশি শিয়া ধর্মীয় নেতাদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করে দেশটি।
রয়টার্সের চলতি মাসের এক প্রতিবেদন অনুযায়ী, মে থেকে জুনের মধ্যে ৫০ জনের বেশি ধর্মীয় নেতা ও বক্তাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইআরজিসি সহায়তায় বিদ্রোহ উসকে দেয়া এবং শাসনব্যবস্থা উৎখাতের চেষ্টা করার অভিযোগ আনা হয়।
বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসি (বার্ড) জানিয়েছে, ৫ জুলাই শুরু হওয়া বিচার শেষে ৬৪ জনকে যাবজ্জীবন এবং আরও পাঁচজনকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ৬০ জন শিয়া ধর্মীয় নেতা। তাদের আইনজীবী দলের ঘনিষ্ঠ এক ব্যক্তি রায়কে প্রত্যাশার চেয়েও কঠোর বলে বর্ণনা করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, একজন আসামিকেও খালাস দেয়া হয়নি।
তবে রাষ্ট্রপক্ষের বিবৃতিতে আসামিদের সংখ্যা বা তাদের ধর্মীয় পরিচয় উল্লেখ করা হয়নি। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, হাইকোর্টের ফৌজদারি শাখা সব আসামিকে দোষী সাব্যস্ত করেছে। কয়েকজনের বিচার হয়েছে তাদের অনুপস্থিতিতে। আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠী গঠন ও পরিচালনার মাধ্যমে সরকার উৎখাতের চেষ্টা করার অভিযোগে তাদের সাজা দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষ আরও অভিযোগ করেছে, আসামিরা অনুমোদন ছাড়া অর্থ সংগ্রহ করেছেন এবং মসজিদ, ধর্মীয় বক্তৃতা, দাতব্য সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করে ইরানের সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রচার করেছেন। কয়েকজনকে এক লাখ বাহরাইনি দিনার করে জরিমানাও করা হয়েছে। পাশাপাশি দাতব্য কাজে ব্যবহারের জন্য আট মিলিয়নের বেশি বাহরাইনি দিনার বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বাহরাইনের শিয়া সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত শেখ ঈসা কাসিম। ২০১৮ সাল থেকে তিনি ইরানে বসবাস করছেন। তার বয়স আশির কোঠার শেষ দিকে। এর আগে ২০১৬ সালে সাম্প্রদায়িকতা উসকে দেয়া, বিদেশি স্বার্থে কাজ করা এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য ক্ষুণ্ন করার অভিযোগে শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব বাতিল করেছিল বাহরাইন সরকার। ওই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ হয় এবং মানবাধিকার সংগঠনগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রও এর সমালোচনা করে।
সাম্প্রতিক রায়ের সমালোচনা করেছে বার্ড। সংগঠনটির অভিযোগ, বিচারপ্রক্রিয়ায় আসামিদের ওপর নির্যাতন চালানো হয়েছে, জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে এবং প্রমাণ দেখার সুযোগ সীমিত করা হয়েছে। আইনজীবী ছাড়াই আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং না পড়ে বিবৃতিতে স্বাক্ষর করতে চাপ দেয়া হয়েছে বলেও দাবি করেছে তারা।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ ২০টি মানবাধিকার সংগঠনও এর আগে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে উদ্বেগ জানিয়েছিল। তাদের অভিযোগ ছিল, আসামিদের নির্যাতন, দীর্ঘ সময় স্বজন ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা এবং প্রমাণ দেখার সুযোগ সীমিত করার মতো ঘটনা ঘটেছে।
বাহরাইনের শিয়া সম্প্রদায়ের একটি অংশ দীর্ঘদিন ধরে ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে আসছে। ২০১০-এর দশকের শুরুর দিকে সরকারবিরোধী বিক্ষোভের সময়ও দেশটিতে কয়েক শ মানুষকে কারাবন্দি করা হয়েছিল, যাদের বেশির ভাগই ছিলেন শিয়া মুসলিম। অন্যদিকে, বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।