গোলাবর্ষণ-মিসাইল ছাড়া সেকেন্ডেই ধ্বংস পঞ্চাশের বেশি আকাশযান
গোলাবর্ষণ কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছাড়াই একসঙ্গে ৫১টি ড্রোন অকার্যকর করার দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসেলসান। উচ্চক্ষমতাসম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে এই সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটির তৈরি ‘এজদেরহা’ প্রতিরক্ষাব্যবস্থা। আসেলসানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেত আকিওল এই প্রদর্শনীকে বিশ্বে প্রথম বলে বর্ণনা করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশ্যালে দেয়া এক পোস্টে আসেলসান জানায়, প্রতিষ্ঠানের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির দাবি, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র চালকবিহীন আকাশযান মোকাবিলার জন্য উচ্চক্ষমতাসম্পন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এজদেরহা। একবারের অভিযানে কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার ছাড়াই সেকেন্ডের মধ্যেই ৫১টি ড্রোন অকার্যকর করেছে এই ব্যবস্থা।
ড্রোনের ঝাঁক মোকাবিলায় তড়িৎচুম্বকীয় প্রযুক্তি
ড্রোন প্রতিরোধে আসেলসানের বিভিন্ন প্রযুক্তির মধ্যে অন্যতম এজদেরহা। নজরদারি, ইলেকট্রনিক যুদ্ধ এবং নিয়ন্ত্রণব্যবস্থার পাশাপাশি এতে বিভিন্ন ধরনের প্রতিরোধ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ফলে একক ড্রোন থেকে শুরু করে সমন্বিতভাবে আক্রমণ চালানো ড্রোনের ঝাঁক- বিভিন্ন ধরনের হুমকি মোকাবিলার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে এই প্রযুক্তি।
ইস্তাম্বুলে অনুষ্ঠিত সাড়া ২০২৬ প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে এজদেরহার উন্নত সংস্করণ ‘এজদেরহা ২১০’ উন্মোচন করে আসেলসান। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ প্রযুক্তির এই অস্ত্র বিশেষভাবে ড্রোনের ঝাঁক অকার্যকর করার জন্য তৈরি করা হয়েছে। উন্নত সংস্করণটিতে আগের তুলনায় দ্বিগুণ পাল্লা যুক্ত করা হয়েছে। পাশাপাশি এতে সংযোজন করা হয়েছে রাডার ও আরও উন্নত ইলেকট্রো-অপটিক্যাল সরঞ্জাম। এর ফলে ব্যবস্থাটি স্বাধীনভাবেও কাজ করতে পারে বলে জানিয়েছে আসেলসান।
স্টিল ডোমের সমন্বিত প্রতিরক্ষাব্যবস্থা
আসেলসান জানিয়েছে, তুরস্কের বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘স্টিল ডোম’-এর ড্রোন প্রতিরোধী স্তরের অংশ হিসেবে কাজ করবে এজদেরহা। অপ্রতিসম হুমকি মোকাবিলার জন্য এটি তৈরি করা হয়েছে। স্টিল ডোম হলো তুরস্কের সমন্বিত আকাশ প্রতিরক্ষা কাঠামো। এতে আকাশ প্রতিরক্ষার বিভিন্ন অস্ত্র, রাডার, ইলেকট্রো-অপটিক্যাল সেন্সর, যোগাযোগ এবং নিয়ন্ত্রণব্যবস্থা একত্র করা হয়েছে।
আসেলসানের তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই নেটওয়ার্কের বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় করা হয়। পাশাপাশি আকাশসীমার পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান করা হয়। এর ফলে বিভিন্ন উচ্চতায় থাকা হুমকি মোকাবিলা করা সম্ভব।
এজদেরহার পাশাপাশি স্টিল ডোমের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে নতুন কিছু প্রযুক্তিও সামনে এনেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে ‘গোকবের্ক ১০’ লেজার অস্ত্র এবং ‘গোকাল্প’ নামের স্বয়ংক্রিয় প্রতিরোধী ড্রোন। সংঘর্ষের মাধ্যমে শত্রুপক্ষের ড্রোন ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে গোকাল্প।
১৯৭৫ সালে তুর্কি সশস্ত্র বাহিনীর যোগাযোগের প্রয়োজন মেটাতে দেশীয় সক্ষমতা কাজে লাগিয়ে আসেলসান প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম রাডার, ইলেকট্রনিক যুদ্ধ, ইলেকট্রো-অপটিক্স, অ্যাভিওনিকস, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং নিয়ন্ত্রণব্যবস্থাসহ বিভিন্ন খাতে বিস্তৃত হয়েছে। পাশাপাশি বেসামরিক প্রযুক্তি নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।