৫ বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টির আভাস
মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় সারাদেশে বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। ফলে বাতাসে আদ্রতা বেশি থাকায় গত সপ্তাহ থেকেই বেশ গরম অনুভূত হচ্ছে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দেশজুড়ে এখনো অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে না। এ মাসের ১৫ তারিখের পর থেকে অস্বস্তিকর গরমও অনুভূত হচ্ছে। তবে সারাদেশের তাপমাত্রা কমতে পারে। ফলে গরম কিছুটা কমতে পারে।
পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে গত সোমবার (২৯ জুলাই) সকাল থেকে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল পর্যন্ত দেশে সর্বোচ্চ ৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এই দিন রাজশাহী ও রংপুর বৃষ্টির দেখা পায়নি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর ও দিনাজপুরে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।