৩২ নম্বর: কেউ কাটছেন গাছ, কেউ রড, আছে ভাঙারি ব্যবসায়ীও
ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটির ধ্বংসস্তূপে শতাধিক মানুষ এমন ভাঙা-কাটায় ব্যস্ত। কেউ ধ্বংসস্তূপ থেকে রড-লোহা কাটছেন, কেউ হাতুড়িপেটা করে আংশিক বের হয়ে থাকা রড পুরোটা বের করার চেষ্টা করছেন, কেউ আবার ভাঙারিতে বিক্রি করা যাবে, এমন যা যা পাচ্ছেন, সবই নিচ্ছেন।
৩২ নম্বরের বাড়িটির ধ্বংসস্তূপ থেকেই লোহালক্কড় কিনতে ভিড় করছেন ভাঙারি ব্যবসায়ীরাও। ভাঙারি ব্যবসায়ী শিকদার আলী এখানে এসেছেন সকাল সাড়ে ৯টার দিকে। দুপুর পর্যন্ত প্রায় ৫০ কেজি রড ও কিছু ভাঙা টিন, কাচ, প্লাস্টিক এসব কিনেছেন। রডের মানভেদে ৪০-৫০ টাকা কেজি দরে কিনছেন বলেও জানান তিনি।
ভেঙে-কেটে নেওয়ার উদ্দেশ্যে আসা নিম্নআয়ের লোকজনের পাশাপাশি আজও উৎসুক মানুষের উপস্থিতি দেখা গেছে।
গত বুধবার রাত ৮টা থেকে গত বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এক্সকাভেটর (খননযন্ত্র), ক্রেন ও বুলডোজার দিয়ে বাড়িটির অর্ধেকের বেশি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ভাঙার কাজ বন্ধ থাকলেও দিনভর ওই বাড়ি ঘিরে ছিল বিক্ষুব্ধ ও উৎসুক জনতার ভিড়। গত জুমুয়াবারও রড কাটা, স্টিলের কাঠামো নিয়ে যাওয়া ও উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।