‘১৮০ দিনের মধ্যে এক হাজার কি.মি. খাল খনন দৃশ্যমান হবে’
গাজীপুর সংবাদদাতা:
দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে এক হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী ১৮০ দিনের মধ্যে এ কাজের অগ্রগতি দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গাজীপুরের শ্রীপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা চৌক্কার খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রভাবশালী মহল বিভিন্ন সময় খাল দখল করে সেখানে মার্কেট বা বাড়িঘর নির্মাণ করেছে। ‘খাল সম্পূর্ণভাবে সরকারের সম্পত্তি এবং জনসাধারণের জন্য সংরক্ষিত। তাই জনস্বার্থে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম বৃহৎ আকারে বাস্তবায়ন করা হবে, যাতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হন,’ বলেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। ‘শপথ নেওয়ার এক সপ্তাহও পার হয়নি; দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই আমরা কাজ শুরু করেছি,’ যোগ করেন মন্ত্রী।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।