হাসিনা নিজেকে ‘প্রধানমন্ত্রী’ বলতে পারেন, তবে বাস্তবতা ভিন্ন
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন ড. ইউনূস।
সাক্ষাৎকারে বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকারে বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় সম্পর্কে জানতে চাওয়া হয়। কখন হবে নির্বাচন? এ বিষয়ে ড. ইউনূসের কোনও ভাবনা আছে কিনা? অন্তর্র্বতী সরকারের সময়সীমা কী হতে পারে?
এসব প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমরা অন্তর্র্বতী সরকার। আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার পাঁচ বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে। কারণ, মানুষ সরকারের মেয়াদ কম চায়।
অন্তর্র্বতী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত বলে উল্লেখ করেন তিনি। ড. ইউনূস বলেন, এটা আরও কম হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায় তার ওপর। যদি রাজনৈতিক দলগুলো চায় সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটাই করা হবে।
তাহলে অন্তর্র্বতী সরকার প্রধান হিসেবে তিনি কি চার বছর থাকছেন? এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমি বলেছি, সরকারের সর্বোচ্চ মেয়াদ হতে পারে চার বছর। তবে আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। ’
শেখ হাসিনা বিভিন্ন জায়গায় নিজেকে 'বাংলাদেশের প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করছেন। বিষয়টিকে কীভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ভারত থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়। ’ ভারতকে তার এসব বিষয় সম্পর্কে জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। ভারতকে বলা হয়েছে, তাকে আশ্রয় দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এমনটা হতে থাকলে ভারতের কাছেই আবার অভিযোগ করা হবে।
ড. ইউনূস আরও বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) নিজেকে অনেক কিছু বলতে পারেন। কিন্তু বাস্তবতা তা নয়। এমনকি ভারতও তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছে। অথচ ভারতই তাকে আশ্রয় দিয়েছে। আশ্রয়দাতাই তাকে সাবেক বলছে। ’
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।