হাজরাপুরের লিচুর বাণিজ্যিক সম্ভাবনা
রপ্তানির ক্ষেত্রে হাজরাপুরের লিচু একটি সম্ভাবনার নাম। বর্তমানে প্রতি বছর বাংলাদেশ থেকে সীমিত পরিসরে লিচু মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের জন্য রপ্তানি করা হয়। জিআই পণ্যের ট্যাগ যুক্ত হলে আন্তর্জাতিক বাজারে এই লিচুর গ্রহণযোগ্যতা বহুগুণে বাড়বে। বিদেশি আমদানিকারকরা জিআই পণ্যে বেশি আগ্রহী হন। কারণ এটি মান, উৎপত্তি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। তাই হাজরাপুরের লিচুকে যদি আন্তর্জাতিক সনদপ্রাপ্ত উৎপাদন ও প্যাকেজিং প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রস্তুত করা যায়, তাহলে এটি অধিক লাভে বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব। এখানে সরকারি ও বেসরকারি বিনিয়োগের সুযোগও রয়েছে। বিশেষ করে হিমায়িত লিচু, লিচুর জ্যাম-জেলি বা পানীয় জাতীয় প্রক্রিয়াজাত পণ্য তৈরি করে এগ্রো-ফুড শিল্প গড়ে তোলা যেতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ উদ্যোগে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, বেসরকারি উদ্যোক্তা ও মিডিয়াকে একসঙ্গে কাজ করতে হবে। একটি অভিজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠান নিযুক্ত করে বাজার গবেষণা, ব্র্যান্ডিং এবং রপ্তানি নীতি প্রণয়ন করা যেতে পারে। কারণ জিআই সনদ শুধুই সম্মানের নয়। এটি একটি দায়বদ্ধতা, যা সঠিকভাবে ব্যবহার করা গেলে একটি জেলার অর্থনীতিকে বদলে দিতে পারে। হাজরাপুরের লিচুর বাণিজ্যিক সম্ভাবনা শুধু কল্পনা নয়, এটি একটি বাস্তব সম্ভাবনা। যার কার্যকর বাস্তবায়ন মাগুরাকে দেশের অন্যতম কৃষিভিত্তিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।