স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক:
আমাদের ওপর হামলা চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। বিশেষ করে সেনা সদস্যরা এ হামলায় জড়িত। তাদের সেনা আইনে গোপনে নয়, প্রকাশ্যে বিচার করতে হবে। আমরা এ বিষয়ে মামলা করব বলে ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা মেডিকেলে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, লাল শার্ট পরিহিত এক ব্যক্তির হামলার ঘটনাকে ঘিরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। শুরুতে দাবি করা হয়, হামলার শিকার ছিলেন না নুর, বরং অন্য কেউ। এটিকে ‘মিথ্যাচার’ বলেও আখ্যায়িত করেন তিনি।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর সদস্যরা বুট দিয়ে পিষে নুরকে আহত করেছে। এর দায় কোনোভাবেই সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। লজ্জা থাকলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, অফিসে ঢুকে তারা আমাদের নেতাকর্মীদের যেভাবে মারধর করেছে তা কখনই কাম্য নয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।