‘সরকার যদি চোখ রাঙিয়ে কথা বলে, স্টিম রোলার চালানোর প্রচেষ্টা করে আমরা রুখে দেব’
জবি শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে বাংলাদেশের ইতিহাসে কাকরাইল মোড় জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন। তিনি আরও বলেছেন, সরকার যদি চোখ রাঙিয়ে কথা বলে, স্টিম রোলার চালানোর প্রচেষ্টা করে তাহলে আমরা রুখে দেব। গতকাল জুমুয়াবার কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীদের জড়ো হওয়ার কারণে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে, এটা আমরা জানি। সরকার আন্তরিক হলে প্রথম দিনই আমাদের দাবি নিরসন করতে পারতেন। কিন্তু সেটা এখনো হয়নি।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিপীড়িত, বঞ্চিত ও নিষ্পেষিত। আমরা এমন এক স্থানে উপনীত হয়েছি, যেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আমাদের দাবি পূরণ না হলে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হবে। আমরা এখান থেকে এক চুল পরিমাণে সরবো না। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার যদি চোখ রাঙিয়ে কথা বলে, হুমকি-ধামকি দেয়, যদি স্টিম রোলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব এবং এই আন্দোলন আর কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না। এটা কোথায় যাবে আমরা জানি না, এর দায়দায়িত্ব আমরা নেব না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।