সরকারের ব্যর্থতায় বিস্ফোরণের ঘটনা ঘটছে -ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম ও ঢাকার বিস্ফোরণের ঘটনার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।
তিনি বলেন, আমাদের প্রশ্ন এই বিস্ফোরণগুলো ঘটছে কেন? সরকার যখন ব্যর্থ হয় তার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে নিয়ে যারা এ বিষয়গুলোর দায়িত্বে রয়েছে সব কিছু সঠিকভাবে আছে কিনা। অর্থাৎ সেখানে যেন বিস্ফোরণ না ঘটে, কোনো দুর্ঘটনা না ঘটে। দুর্ঘটনা ঘটলে যেন মানুষের জীবননাশ না হয়, সেই ধরনের ব্যবস্থা নিচ্ছে কিনা। সরকারি সংস্থাগুলো সেই ব্যবস্থা নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে।
গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন আল রশীদ খান বলেন, আদানি গ্রুপের সাথে সরকারের বিদ্যুৎ চুক্তির বিষয়টাকে ঘোরানোর জন্য পঞ্চগড়ে কাদিয়ানি ইস্যু তৈরি করা হয়েছে। এটা মানুষ এখন বলাবলি করছে। আপনারা দেখেছেন, কয়েকদিন আগে প্রাথমিক বৃত্তির ফলাফল নিয়ে সরকার কীভাবে বিতর্ক তৈরি করেছে। প্রাথমিক বিদ্যালয়ে শিশু থেকে শুরু করে শিক্ষাঙ্গনে এক অরাজক পরিস্থিতি তৈরি করেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।